ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহেল রানা গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় গতকাল সোমবার মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন বলেন, পুলিশ প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎপর রয়েছে।