ছিনতাইকারীর দৌরাত্ম্যে অতিষ্ঠ টঙ্গীবাসী
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। ছিনতাই প্রতিরোধে তাঁরা গঠন করেছেন ‘ছিনতাই প্রতিরোধ কমিটি’।টঙ্গীতে গত জানুয়ারি থেকে ছিনতাইকারীর হামলায় নিহত হয়েছেন দুজন। অন্যদিকে অক্টোবর থেকে জনতার পিটুনিতে নিহত হয়েছে চার ‘ছিনতাইকারী’।স্থানীয়রা জানান, ছিনতাইকারীর দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী আরিচপুর এলাকায় তিনটি ছিনতাই প্রতিরোধ কমিটি গঠন করেছেন।কমিটির উদ্যোক্তা ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠে।এলাকাবাসীর অনেকে বলেন, সাম্প্রতিক সময়ে টঙ্গীতে প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে পথচারীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। আরিচপুরে এক দিনে সর্বোচ্চ নয়টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের প্রতিহত করতে গিয়ে স্থানীয়রা হামলার শিকার হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, ছিনতাইকারীদের প্রতিটি দলের সদস্যসংখ্যা চার থেকে পাঁচজন। তারা ছোরা, চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে ওত পেতে থাকে। সুযোগ পেলেই পথচারী ও রিকশার আরোহীদের থামিয়ে অস্ত্রের মুখে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। অনেক ছিনতাইকারীর হাতে আগ্নেয়াস্ত্রও থাকে। টঙ্গী মডেল থানা সূত্র জানায়, ১ জানুয়ারি ভোরে মধুমিতা রেলগেটের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্র্যাক কর্মকর্তা আবু জাহিদ সরকার (৫৫) নিহত হন। ৮ ফেব্রুয়ারি টঙ্গীর মিরাশপাড়া এলাকার পানির ট্যাংক মোড়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাককর্মী আকতার হোসেন (৩০) নিহত হন। ৩০ এপ্রিল স্টেশন রোডে মোস্তফা (৪৫) নামের এক ব্যক্তি অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রাণ হারান।জনতার পিটুনিতে গত ২৫ অক্টোবর ভোরে মধুমিতা সড়কে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী (২৫) নিহত হন। ২ ডিসেম্বর গণপিটুনিতে ভরান এলাকার ‘চিহ্নিত ছিনতাইকারী’ দিপু খান (২৬) ও তাঁর এক অজ্ঞাতনামা (২৪) সহযোগী নিহত হন। গত ১৪ ডিসেম্বর টিঅ্যান্ডটি এলাকায় ‘ছিনতাইকারী’ এনামুলকে (২৬) জনতা পিটিয়ে হত্যা করে।স্থানীয় সূত্রের ভাষ্যমতে, টঙ্গী শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন ১৫-২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। কামারপাড়া সেতু, লিলি ফুড মোড়, পানির ট্যাংক মোড়, মেঘনা পিনাকি গার্মেন্টসের সামনে, নতুন বাজার রেলগেট, সিলমুন বাসস্ট্যান্ড, নিমতলী সেতু, কেরানিরটেক, ব্যাংক মাঠ বস্তি, মধুমিতা দরবার শরিফ মোড়, বউবাজার রেলগেট, আরিচপুর, মাছিমপুর তিতাস গ্যাস রোড, আরিচপুর রেললাইন, টঙ্গী গরু বাজার, মিলগেট, নামার বাজার, স্টেশন রোড, নওয়াগাঁও, তিস্তা গেট, দত্তপাড়া সমাজকল্যাণ রোড কবরস্থান, বনমালা রেলগেট, সফিউদ্দিন রোড, গাজীপুরা বাঁশ পট্টি, মুদাফা প্রত্যাশা ব্রিজ, হোসেন মার্কেট, বাস্তুহারা, সাতাইশ রোড মোড়সহ আরও বেশ কয়েকটি স্থানে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটে।সূত্রমতে, ছিনতাইকারীদের বেশির ভাগই মাদকসেবী। মাদকের টাকা সংগ্রহ করতেই তারা ছিনতাইয়ের পথ বেছে নিয়েছে। তাদের পাশাপাশি এলাকার একশ্রেণীর বখাটে ও বেকারেরা ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে।টঙ্গী মডেল থানা সূত্রমতে, প্রতিদিন টঙ্গী পৌর এলাকায় ১৫-২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বেশির ভাগ ক্ষেত্রেই ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা ঝামেলা এড়ানোর জন্য মামলা করেন না।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ছিনতাই রোধে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। ছিনতাইকারীরা হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। তাঁর দাবি, ইতিমধ্যে টঙ্গীর বেশির ভাগ চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।