ছিনতাইকারীর পিটুনিতে ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের টেকেরহাট বন্দরের ব্যবসায়ী রাধেশ্যাম কর্মকারকে গত মঙ্গলবার বিকেলে পিটিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। আহত রাধেশ্যাম পরে মারা যান। হত্যাকারীদের বিচারের দাবিতে বন্দরের ব্যবসায়ীরা গতকাল বুধবার দুপুরে রাধেশ্যামের লাশ নিয়ে বন্দর এলাকায় মিছিল করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের পরিবেশক ও টিন ব্যবসায়ী রাধেশ্যাম কর্মকার তাঁর কর্মচারী অধীর সাহাকে নিয়ে পাওনা প্রায় চার লাখ টাকা সংগ্রহ করে একটি মোটরসাইকেলে করে মাদারীপুর থেকে টেকেরহাট বন্দরে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। রাজৈর উপজেলার কামালদী সেতু এলাকায় ছিনতাইকারীরা তাঁদের গতিরোধ করে। ছিনতাইকারীরা তাঁদের রড দিয়ে পিটিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে রাধেশ্যাম মারা যান।