ছিনতাইকারীর হাতে এক ছাত্র নিহত
রাজধানীর মোহাম্মদপুরে গত রোববার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আদিবাসী যুবক অমিত রেমা (২৬) নিহত হয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টেলিকমিউনিকেশন বিভাগের ছাত্র ছিলেন। একই ঘটনায় আহত হয়েছেন অমিতের বন্ধু ও তেজগাঁও কলেজের ছাত্র সোহাগ চিসিম। তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, অমিত ও সোহাগ গত শনিবার নেত্রকোনার দুর্গাপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে রোববার দিবাগত রাত দেড়টার দিকে কলেজগেট এলাকায় মাইক্রোবাস থেকে নামেন। তাঁরা পায়ে হেঁটে রাজিয়া সুলতানা রোডের বাসায় ফিরছিলেন। বাসার সামনে পৌঁছামাত্র একটি সাদা রঙের প্রাইভেট কার থেকে চার ছিনতাইকারী নেমে তাঁদের পথরোধ করে দাঁড়ায়। পরে ছিনতাইকারীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ ও মুঠোফোন সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন অমিত। এ সময় অন্য ছিনতাইকারীরা তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য অমিতের পেটে ও বুকের বাঁ পাশে ছুরি চালায়।পুলিশ জানায়, এ ঘটনার পর গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী মনিরের স্বীকারোক্তি অনুযায়ী তারা বিভিন্ন এলাকায় অভিযান চালায়। বেলা তিনটার দিকে তাদের একটি দল ছিনতাইকারীদের ধরতে সলিমুল্লাহ রোডের কবরস্থানে গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। ১০ মিনিট পর গোলাগুলি থেমে গেলে পুলিশ ঘটনাস্থলে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ, হাবিব ও মনিরুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে চারটি গুলিসহ একটি রিভলবার জব্দ করা হয়েছে।