ছিনতাইকারীর হাতে এক ছাত্র নিহত
রাজধানীর মোহাম্মদপুরে গত রোববার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আদিবাসী যুবক অমিত রেমা (২৬) নিহত হয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টেলিকমিউনিকেশন বিভাগের ছাত্র ছিলেন। একই ঘটনায় আহত হয়েছেন অমিতের বন্ধু ও তেজগাঁও কলেজের ছাত্র সোহাগ চিসিম। তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে অমিত ও সোহাগ নেত্রকোনার দুর্গাপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে রোববার রাত দেড়টার দিকে কলেজগেট এলাকায় হেঁটে রাজিয়া সুলতানা রোডের বাসায় ফিরছিলেন। বাসার সামনে পৌঁছামাত্র একটি প্রাইভেট কার থেকে চার ছিনতাইকারী নেমে তাঁদের পথরোধ করে দাঁড়ায়। পরে ছিনতাইকারীরা মানিব্যাগ ও মুঠোফোন সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন অমিত। এ সময় অন্য ছিনতাইকারীরা অমিতের পেটে ও বুকে ছুরি চালায়।