ছিনতাইকারীর হাতে কলেজছাত্রী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল শুক্রবার সকালে ছিনতাইকারীর হাতে মাহফুজা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী আহত হয়েছেন। তিনি ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে দুই বান্ধবী নিয়ে রিকশায় করে টিএসসির দিকে যাচ্ছিলেন মাহফুজা। কার্জন হলের সামনে আসামাত্র একটি ছিনতাইকারী চলন্ত ট্যাক্সিক্যাব থেকে হাত দিয়ে মাহফুজার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে মাহফুজা নিচে পড়ে আহত হন। এরপর ছিনতাইকারীরা তার ব্যাগ না নিয়েই পালিয়ে যায়। শাহবাগ থানার এসআই পিন্টু রায় বলেন, ছিনতাইকারীরা সংখ্যায় চারজন ছিল। ওই ছাত্রী থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার ভোর চারটার দিকে রাজধানীর লালবাগের কেল্লার মোড় থেকে চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। চালকের নাম মো. মোয়াজ্জেম (২২)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।