ছিনতাইকারীর হাতে খুন হন এএসআই ও টিভি ক্যামেরাম্যান
একই ছিনতাইকারী দলের হাতে খুন হয়েছেন এটিএন বাংলার ক্যামেরাম্যান শফিকুল ইসলাম ও রমনা থানার নয়াটোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান। এ দলের এক সদস্য গতকাল বুধবার ভোরে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এর আগে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহূত একটি প্রাইভেট কার ডিবি আটক করেছে। দুই খুনের ঘটনা নিয়ে গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, ৪ মে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চরপাড়া বাইপাসে নয়াটোলা ফাঁড়ির এএসআই মিজানের লাশ পাওয়া যায়। ঢাকা মহানগর থেকে (ডিএমপি) যাওয়ার পথে মিজানের মৃত্যু হয়। টাঙ্গাইল পুলিশের সহায়তা নিয়ে ডিবি এ তদন্তে জানতে পারে, ছিনতাইকারীর হাতে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রথমে ছিনতাইকারী দলের সদস্য সুজন (২৩) ও রাজু ওরফে জামাই রাজুকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে এঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে দলনেতা রাহাতকে গ্রেপ্তারের জন্য গতকাল ভোরে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ইস্টার্ন হাউজিং থেকে একটি প্রাইভেট কারে করে রাহাত মিরপুর বেড়িবাঁধে উঠছিলেন। ডিবির উপস্থিতি টের পেয়ে তিনি প্রাইভেট কারের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করেন। পুলিশ পাল্টা গুলি চালালে রাহাত নিহত হন। পরে পুলিশ গাড়িটি আটক করে। পুলিশ কমিশনার বলেন, ‘গ্রেপ্তার হওয়া রাজু ও সুজন জিজ্ঞাসাবাদে জানায়, এটিএন বাংলার ক্যামেরাম্যান শফুিকল ইসলামকেও তারা হত্যা করেছে। একই প্রাইভেট কারে রাহাতের নেতৃত্বে রাজু ও সুজন তাঁকে হত্যা করে। মঙ্গলবার গভীর রাতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা শফিকুল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।’ গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী পুলিশকে জানান, মিজানকে হত্যার পর তাঁরা মিরপুরে আত্মগোপন করেন। পরে শরীয়তপুরের জাজিরায় আশ্রয় নেন। সেখানেও তাঁরা ২৫ হাজার টাকা ছিনতাই করেন। ছিনতাইকারীরা জানান, ক্যামেরাম্যান শফিকুল ইসলামের পরিচয়পত্র দেখার পরই রাহাতের নির্দেশে তাঁকেও হত্যা করা হয়। এর আগে শফিকুল হত্যাকাণ্ডে তুরাগ থানার পুলিশ আরও সাতজনকে গ্রেপ্তার করে। এরা সবাই রিমান্ডে আছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ও ডিবির প্রধান অমূল্য ভূষণ বড়ুয়া, ডিবির উপকমিশনার (ডিসি) মো. মাহাবুবর রহমান ও মনিরুল ইসলাম এবং অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওয়ালিদ হোসেন। সংবাদ ব্রিফিংয়ের পরে ছিনতাইকারী দলের সদস্য রাজু ও সুজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তাঁরা হত্যকাণ্ডের কথা সবার সামনে অকপটে স্বীকার করেন। রাজু জানান, ৪ মে সকাল পৌনে সাতটার দিকে সাভারের চন্দ্রায় একটি প্রাইভেট কার থামিয়ে রাহাত ও সুজন টাঙ্গাইল যাওয়ার জন্য যাত্রী ডাকেন। এ সময় এএসআই মিজান টাঙ্গাইলের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তিনি (রাজু) যাত্রীবেশে গাড়িতে উঠে পেছনের আসনে বসেন। তাঁর পাশে বসেন মোস্তাক নামের এক সহযোগী। এএসআই মিজান ৫০ টাকা ভাড়া দেওয়ার চুক্তিতে পেছনের আসনে বসেন। প্রাইভেট কারটি ধেরুয়া রেলক্রসিং পার হওয়ার পর চালকের আসনে বসা রাহাতের সংকেত পেয়ে পেছনের দুই ছিনতাইকারী এএসআই মিজানের কাছে থাকা টাকা, মোবাইল ফোনসেট ও মানিব্যাগ নেওয়ার চেষ্টা করেন। এএসআই মিজান বাধা দিলে রাজু ও মোস্তাক গাড়ি খোলার যন্ত্রাংশ দিয়ে তাঁর বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এএসআই মিজান এ সময় নিজেকে পুলিশ পরিচয় দিলে রাহাত বলেন, ‘ওকে ছাড়লে আমাদের সমস্যা হবে, ফাইনাল করে দে।’ এ কথা শোনার পর মোস্তাক ও জামাই রাজু এএসআইয়ের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করেন। এ সময় সুজন রাহাতের পাশের আসন থেকে পেছনে এসে মিজানের পা চেপে ধরে এবং গামছা তাঁর গলায় শক্ত করে পেঁচিয়ে টানতে থাকেন। একপর্যায় মিজান ঢলে পড়েন।