ছিনতাইকারীর হাতে বড় ভাই নিহত, ছোট ভাই আহত
রাজধানীর কামরাঙ্গীরচরে গত বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শামসুদ্দিন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তাঁর ছোট ভাই সাজেদুল ইসলাম (২২)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এ ঘটনায় ইমরান (২৪), বাবুল (২০), মামুন (১৮) ও জুয়েল (২০) নামের চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত একটার দিকে শামসুদ্দিন ও সাজেদুল পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ হুজুরপাড়ার বাসায় ফিরছিলেন। কামরাঙ্গীরচরের বেড়িবাঁধসংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন মুখোশধারী যুবক তাঁদের গতি রোধ করে তাঁদের মুঠোফোন, সাইকেল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপায় এবং সঙ্গে থাকা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে শামসুদ্দিন ও সাজেদুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা শামসুদ্দিনকে মিটফোর্ড হাসপাতালে ও সাজেদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শামসুদ্দিনকে মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চারটি ছুরি ও ছিনতাই হওয়া সাইকেলটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকেরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে। গতকাল শুক্রবার দুপুরে নিহত শামসুদ্দিনের বাবা সিরাজুদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। শামসুদ্দিনের চাচা মো. কুতুব বলেন, শামসুদ্দিন পুরান ঢাকার লালবাগ কেল্লাসংলগ্ন এলাকায় বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনকারী একটি প্রতিষ্ঠানের চিত্রগ্রাহক ছিলেন। একই এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কাজ করেন সাজেদুল। কাজ সেরে দুজনই বাসায় ফিরছিলেন। পাঁচ সন্তানের মধ্যে শামসুদ্দিন তৃতীয় ও সাজেদুল চতুর্থ। শামসুদ্দিনের ওপরই অনেকটা নির্ভরশীল ছিল হতদরিদ্র পরিবারটি।