ছিনতাইকারীর হাতে স্বরূপকাঠিতে এসএসসি পরীক্ষার্থী নিহত
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইয়াসিন নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সোহাগদল শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের মো. ইয়াকুব মিয়ার ছেলে ইয়াসিন এসএসসি পরীক্ষা শেষে শুক্রবার স্বরূপকাঠির কৌড়িখাড়ায় এক বন্ধুর আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে। ইয়াসিনের বন্ধু রাসেল জানায়, শনিবার সন্ধ্যায় তারা সোহাগদল শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যায়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মুঠোফোন, স্বর্ণের আংটি ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ইয়াসিনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল রোববার ভোরে ইয়াসিন মারা যায়। স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান গতকাল বিকেলে জানান, ইয়াসিন হত্যার ঘটনায় এ পর্যন্ত মামলা হয়নি।