ছিনতাইকারীর হ্যাঁচকা টানে গৃহবধূ নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩
চট্টগ্রামে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ইজিবাইক থেকে পড়ে গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরের অলঙ্কার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা সাত হাজার টাকা ও মুঠোফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টিপু সুলতান (৩৫), মিজানুর রহমান ওরফে সাদ্দাম (২২) ও আবদুল কাদের (২৯)। তাঁদের মধ্যে টিপু সুলতান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে গত ১৯ মে বড়পোল এলাকায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রসঙ্গত, ১৯ মে বড়পোল এলাকায় ছিনতাইকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ইজিবাইকযাত্রী এক নারীর হাতব্যাগ টান দেয়। এ সময় কোলের শিশুসহ আনজুমান আরা ইজিবাইক থেকে পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে আনা হলে আনজুমান আরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর শিশুটিও এতে আহত হয়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির জানান, তিন ছিনতাইকারীকে দুটি মুঠোফোন ও ছিনতাইয়ের সাত হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা স্বীকার করেছেন ওই ছিনতাইয়ে সঙ্গে তাঁরা জড়িত ছিলেন। পরে তাঁদের মধ্যে টিপু সুলতান মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত সূত্রে জানা গেছে, তিন সদস্যের ওই ছিনতাইকারী দলটি পেশাদার।