ছিনতাইকালে তিন ভুয়া পুলিশ আটক
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গরু-ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে আটক করেছেন বাসের যাত্রীরা। গতকাল সোমবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গোঁজার ব্রিজ নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার নওহাটা নজিতপুর গ্রামের কোরবান বিশ্বাস ওরফে বাবুল (৩২), গোপালগঞ্জের গোপীনাথপুর গ্রামের জিয়াদুল কাজী ওরফে মনির (৩৮) ও পাবনার সাঁথিয়া উপজেলার বরাটপাড়া গ্রামের আলম ওরফে উজির (৪২)। পুলিশ সূত্রে জানা যায়, পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের গরুর ব্যবসায়ী মীর আ. সাত্তার গতকাল সোমবার সকালে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দশ্রী হাটে গরু বিক্রির সাত লাখ টাকা নিয়ে যমুনা সেতুর পূর্ব পার থেকে গাংচিল পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গোঁজার ব্রিজে পৌঁছালে একটি সাদা রঙের মাইক্রোবাস বাসটির গতি রোধ করে। একপর্যায়ে আটক হওয়া ব্যক্তিরা ওই বাসে উঠে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গরুর ব্যবসায়ী সাত্তারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে বাস থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। বাসের চালক ও যাত্রীদের কাছে এ আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের বহনকারী মাইক্রোবাসটি অন্য ব্যক্তিদের নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আটক ব্যক্তিদের নিয়ে বাসটি গুরুদাসপুরের কাছিকাটা বাসস্ট্যান্ডে পৌঁছালে এলাকার লোকজন তাঁদের মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।