ছিনতাইকালে যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ছিনতাইকারীদের হাতে আবুল খায়ের (৪০) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গত শনিবার রাতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার তিন ব্যক্তি হচ্ছেন সোনাগাজীর সমপুর গ্রামের মো. শাহজাহান, চর সাহাভিখারী গ্রামের বেলাল হোসেন ও গুনক ঈদগা গ্রামের মো. তারেক।
২০ ডিসেম্বর রাতে ফেনী-সোনাগাজী সড়কের বালুয়া চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে পালবাড়ীর রাস্তার মাথা নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আবুল খায়ের ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান। তিনি সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের বাগিশপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২০ ডিসেম্বর রাত ১২টার দিকে আবুল খায়ের বিদেশ থেকে আসা তাঁর ছোট ভাই আবু ইউছুফকে ফেনী থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এলাকার একটি অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পালবাড়ীর রাস্তার মাথায় পৌঁছানোর পর রাত দেড়টার দিকে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে টেনেহেঁচড়ে অটোরিকশা থেকে নামানোর চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে সঙ্গে থাকা টাকাপয়সা নিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই মারা যান। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবর রহমান জানান, তিন ছিনতাইকারী গতকাল বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম খায়রুল আমিনের আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।