ছিনতাইয়ের মামলায় জেএমবির চার জঙ্গি দুদিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) চার সদস্যের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছিনতাইয়ের মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের গতকাল সোমবার বিকেলে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, সদরঘাট থানায় ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় জেএমবির চার সদস্য বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ, সুজন ওরফে কাজল, মাহবুবুর রহমান ওরফে খোকন ও শাহজাহান ওরফে কাজলকে জিজ্ঞাসাবাদ করতে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
কাজী মুত্তাকী ইবনু মিনান আরও বলেন, শুনানিকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক আসামিদের কোনো বক্তব্য আছে কি না জানতে চান। তখন বুলবুল আহমেদ বলেন, ‘প্ররোচনায় পড়ে আমরা ভুল করেছিলাম। এখন ভুল বুঝতে পেরে ভালো হতে চাই।’ বাকি দুই আসামি সহোদর মাহবুবুর ও শাহজাহান নিজেরা জঙ্গি নন বলে দাবি করেন। তাঁরা বলেন, তাঁদের ছোট ভাই রফিকুল ইসলাম সদরঘাটে ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে মারা যান। তাঁরা জানতেন না তাঁদের ভাই জেএমবির সঙ্গে জড়িত।
২৩ সেপ্টেম্বর রাতে নগরের সদরঘাটে একটি প্রতিষ্ঠানের টাকা ছিনতাই করে পালানোর সময় নিজেদের ছোড়া গ্রেনেড বিস্ফোরণে দুই জঙ্গি এবং গুলিতে প্রতিষ্ঠানটির ব৵বস্থাপক সত্য গোপাল ভৌমিক মারা যান। এ ঘটনায় সদরঘাট থানায় মামলা করে পুলিশ। ৫ অক্টোবর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেনেড, অস্ত্র ও গুলিসহ জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার নগরের কর্ণফুলী থানায় করা অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের তিন মামলায় চারজনের পাঁচ
দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।