ছিনতাইয়ে জড়িত থাকা স্বীকার করে ছাত্রদল নেতার জবানবন্দি
ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন চট্টগ্রাম নগরের চকবাজার থানা ছাত্রদলের সভাপতি নুরুল আলম ওরফে শিপু। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. নাজমুল হোসেন চৌধুরীর আদালতে তিনি জবানবন্দি দেন।
ছাত্রদল নেতার জবানবন্দি দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।
১৫ ফেব্রুয়ারি কাতালগঞ্জ বৌদ্ধমন্দিরের সামনে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হাটহাজারী উপজেলার বাসিন্দা সিরাজুল হকের ছেলে নুর উদ্দিন ইসলাম বাদী হয়ে এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে পুলিশ অহিদুল ইসলাম ওরফে আরিফ ও চান মিয়া ওরফে মামুন নামে দুই যুবককে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ের মূল হোতা হিসেবে নুরুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, গত শনিবার রাতে নগরের মক্কী মসজিদ এলাকা থেকে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতে তিনি ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন। ছিনতাই করা এক লাখ টাকাও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে তিনি জবানবন্দি দেন। জবানবন্দিতে নুরুল আলম উল্লেখ করেন, ঘটনার দিন নগরের কাতালগঞ্জ বৌদ্ধমন্দিরের সামনে মো. আরিফ ও মো. মামুন নামের দুজন তাঁকে নিয়ে যান। ছিনতাইয়ের বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। ছিনতাইয়ের পর তাঁকে তাঁরা এক লাখ টাকা দেন বলে নুরুল আলম জানান।