ছিনতাইয়ে তাদের ‘অস্ত্র’ গামছা
আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র লাগে না। তাদের সঙ্গে থাকে কেবল একটি গামছা। এই ‘অস্ত্র’ নিয়ে চট্টগ্রাম নগরে ছিনতাই করছে তারা। সিএনজিচালিত অটোরিকশায় উঠে গামছা দিয়ে যাত্রীদের পেঁচিয়ে নগদ অর্থ, মুঠোফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় তারা।পুলিশ এই কৌশলে ছিনতাইকারীদের নাম দিয়েছে গামছা পার্টি। গত সোমবার হাটহাজারী ও নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গামছা পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: রনি মিয়া (২২), মো. সিরাজ ও ছাত্তার (২২)। তাঁদের বাসা নগরের ঝাউতলা এলাকায়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সবাই একই চক্রের সদস্য। তাঁদের আরেক সদস্য সিএনজিচালিত অটোরিকশার চালক বেলাল পলাতক রয়েছেন। গামছা পার্টির আরও কয়েকটি চক্র রয়েছে। এসব চক্রের অনেকে এখন কারাগারে। তবে চক্রটি বেশ সক্রিয় ছিল।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার তিনজনকে গ্রেপ্তারের অভিযানে নেতৃত্ব দেন। তিনি প্রথম আলোকে জানান, হাটহাজারীর মিরেরহাট এলাকায় এক ব্যক্তিকে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে গামছা পেঁচিয়ে ছিনতাই করার সময় জনতার সহযোগিতায় তাঁদের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে নগরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের জন্য হাটহাজারীর বাংলাবাজার থেকে তাঁরা ২০ টাকা দিয়ে একটি গামছা কিনেছিলেন।পুলিশ ও গ্রেপ্তার হওয়া তিনজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে চারজন ছিনতাইকারী বেলালের সিএনজিচালিত অটোরিকশায় করে ঝাউতলা থেকে বের হয়ে হাটহাজারীর দিকে যায়। রাত নয়টার দিকে হাটহাজারীর মিরেরহাট এলাকায় রাস্তার পাশে মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব কানাইলাল নাথ হাটহাজারী আসার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অটোরিকশাটি দাঁড় করিয়ে চালক বেলাল কানাইলালকে পেছনের আসনে তোলেন। এ সময় পেছনে সিরাজ ও রনি বসা ছিলেন। ছাত্তার ছিলেন সামনে চালকের পাশে বসা। পেছনের দুজন কৌশলে কানাইলালকে পেছনে মাঝখানে বসান।পরে সরকারহাট আসার পর অটোরিকশাটি একটু থামলে ছাত্তার পেছনে উঠে কানাইলালের কোলে বসে পড়েন। এরপর সিরাজ গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরেন, যাতে তিনি চিৎকার করতে না পারেন। এ সময় দিক পরিবর্তনের জন্য আবার মিরেরহাটের দিকে মোড় নিতে গেলে একটা গর্তে পড়ে অটোরিকশাটির সামনের চাকা ভেঙে যায়।এ সময় কানাইলাল ভেতর থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে গামছা পার্টির তিনজন সদস্য পালিয়ে যান। তবে সিরাজকে আটক করে লোকজন গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। সিরাজের স্বীকারোক্তি অনুযায়ী রাতে নগরের ঝাউতলায় অভিযান চালিয়ে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়েছে।থানা হেফাজতে থাকা রনি বলেন, ‘নয় মাস আগে কারাগার থেকে বের হয়ে গামছা দিয়ে এ পর্যন্ত তিনটি ছিনতাই করেছি। এ কাজ করার আগে বাংলাবাজার থেকে ২০ টাকা দিয়ে একটি গামছা কিনেছি। আমাদের আর কোনো অস্ত্র থাকে না। কারাগারে যাওয়ার আগে এ ধরনের ছিনতাই করে এক যাত্রীর কাছে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়েছিলাম।’