ছিনতাইয়ের অভিযোগ পুলিশ কনস্টেবল বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর থানার পুলিশ কনেস্টবল আবু তাহেরকে গতকাল সোমবার সাময়িক বরখাস্ত করে দিনাজপুর পুলিশ লাইনে পাঠানো হয়েছে।নীলফামারী জেলা মাইক্রো মালিক সমিতি সূত্রে জানা গেছে, পুলিশ কনেস্টবল আবু তাহের রোববার রাতে মোটরসাইকেলে তাঁর গ্রামের বাড়ি সৈয়দপুরের বাঙালিপুর ইউনিয়নে ফিরছিলেন। পথে একটি মাইক্রোবাস তাঁর সামনে পড়ে। মাইক্রোবাসটি তাকে সাইড না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন। মাইক্রোর চালক জাহিদুল ইসলাম বলেন, ‘ওই পুলিশ কনেস্টবল সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চৌমহনীর কাছে আমাকে আটকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে আমার মুঠোফোন ও এক হাজার টাকা ছিনিয়ে নেন।’ সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘মাইক্রোর চালক নীলফামারী জেলা মাইক্রো মালিক সমিতির সাধারণ সম্পাদক নিজু আগরওয়ালা ও পরিবহন শ্রমিকনেতা মমতাজ আলী থানায় ওই কনেস্টবলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি দিনাজপুর পুলিশ সুপারকে জানিয়েছি।’ দিনাজপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ওই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছি এবং তাকে দিনাজপুর পুলিশ লাইনে পাঠিয়েছি। অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’