ছিনতাইয়ের অভিযোগে এএসআই ও কনস্টেবল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে সিলেটগামী ট্রেন উপবনের একজন যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছেন হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল। পরে তাঁদের রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা তাঁদের মুচলেকা দিয়ে গতকাল শনিবার রেলওয়ের শ্রীমঙ্গল থানা থেকে ছাড়িয়ে আনেন।অভিযুক্ত ব্যক্তিরা হলেন হবিগঞ্জ ডিবি পুলিশের এএসআই কামরুল আলম ও কনস্টেবল মোহাম্মদ আলী। তাঁদের গতকাল শনিবার বিকেলে প্রত্যাহার করেছেন হবিগঞ্জ পুলিশ সুপার। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টায় ঢাকা থেকে সিলেটগামী উপবন ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে আসে। ট্রেনটি রাত ১১টা ৪০ মিনিটে ভৈরব রেলস্টেশনে পৌঁছার পর কামরুল, মোহাম্মাদ আলী, চয়ন দেবনাথ নামে আরও একজন সাদা পোশাকে ট্রেনে উঠে নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দেন এবং যাত্রীদের ব্যাগ ও লাগেজ তল্লাশি শুরু করেন। একপর্যায়ে তাঁরা একজন যাত্রীর একটি ব্রিফকেস নিয়ে চলে যেতে চাইলে যাত্রীরা তাঁদের আটক করেন। পরে ট্রেনে উপস্থিত থাকা রেলওয়ে পুলিশের কাছে তাঁদের সোপর্দ করা হয়। তাঁরা নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিলে রেলওয়ে পুলিশ তাঁদের পরিচয়পত্র দেখতে চায়। কিন্তু তাঁরা তা দেখাতে পারেননি। এর আগে চয়ন দেবনাথ পালিয়ে যান। আটককৃতরা চয়নকে ডিবির সোর্স বলে দাবি করেছেন। এদিকে জিআরপি পুলিশ ডিবি অফিসে যোগাযোগ করলে ডিবির উপপরিদর্শক কামাল হোসেন মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন।