ছিনতাইয়ের অভিযোগে কনস্টেবল বরখাস্ত
নারায়ণগঞ্জ শহরের চানমারীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক নারীর স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনতাই হয়। ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল সারোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সারোয়ার জেলা পুলিশ লাইনসে রিজার্ভ ফোর্সে কর্মরত।ছিনতাইয়ের শিকার ঝর্না বেগম সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী খোকা একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক মাস ধরে জেলহাজতে রয়েছেন। কিছুদিন ধরে কনস্টেবল সারোয়ার তাঁর কাছে মাসোহারা দাবি করে আসছিলেন। তা দিতে তিনি অপারগতা প্রকাশ করেন। গতকাল বিকেলে রিকশায় করে চানমারীর বাসায় ফেরার পথে সারোয়ার তাঁর রিকশার গতিরোধ করেন। তাঁকে রিকশা থেকে নামিয়ে সারোয়ার মারধর করেন এবং গলা থেকে একটি স্বর্ণের চেইন, কানের দুল, নাকফুল ও মুঠোফোন ছিনিয়ে নেন। ঘটনাটি তাৎক্ষণিক চানমারী বস্তির লোকজনকে জানান ঝর্না। বস্তির ২০-২৫ জন যুবক ঝর্নার সঙ্গে গিয়ে সারোয়ারকে শহরের চাষাঢ়া রেললাইন-সংলগ্ন মসজিদের সামনে দেখতে পান। ঝর্নাসহ অন্যদের দেখতে পেয়ে সারোয়ার দৌড়ে চাষাঢ়া পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। ঝর্নাসহ অন্যরা পুলিশ ফাঁড়িতে যান। ঝর্না ছিনতাইয়ের ঘটনা পুলিশ সদস্যদের জানান। পরে তাঁরা সারোয়ারের কাছ থেকে স্বর্ণালংকার ও মুঠোফোন উদ্ধার করেন।ঘটনাটি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সুপারকে জানানো হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান সেখানে গিয়ে সারোয়ারকে উদ্ধার করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, কনস্টেবল সারোয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।