ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুঠোফোন ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁরা হলেন ইয়াসিন মিয়া (২৮) ও জসিম (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে দেশি একটি বন্দুক উদ্ধার করা হয়।গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামদি এলাকার আফতাব ফুড প্রসেসিং এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে উপজেলার বটচর গ্রামের তাজুল ইসলাম নামের এক যুবক ওই এলাকায় দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে তাঁর মুঠোফোন সেটটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। কিছুটা সামনে গিয়ে মোটরসাইকেলটি যানজটে আটকা পড়লে স্থানীয় জনতা তাঁদের ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূয়ীদ চৌধুরী বলেন, ইয়াসিন ও জসিমের বিরুদ্ধে ছিনতাই ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।