ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে আসবাবের দোকানের এক কর্মচারীর কাছ থেকে ছাত্রলীগের কর্মীরা গত রোববার টাকা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল সোমবার ছাত্রলীগের কর্মী মো. রাকিবকে গ্রেপ্তার করেছে।জানা যায়, মো. রাসেল পৌরসভার মধুপুর এলাকার ভূঁইয়া ফার্নিচার হাউসের কর্মচারী। গত রোববার দোকানের মালিক রাসেলকে এক লাখ ২৭ হাজার টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠান। শহরের গাজী মার্কেটের সামনে মিরাজ হোসেন ও মো. রাকিব জোরপূর্বক রাসেলকে মোটরসাইকেলে তোলেন। তাঁকে শহরের একটি বাসায় আটকে রেখে হত্যার ভয় দেখিয়ে তাঁরা টাকা নিয়ে পালিয়ে যান। এক ঘণ্টা পর খবর পেয়ে পুলিশ বাসার তালা ভেঙে তাঁকে উদ্ধার করে। রাকিব হোসেন নিজেকে ছাত্রলীগের কর্মী দাবি করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি রায়পুরে ছিলাম না। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এ মামলার আসামি করা হয়েছে।’ রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, ‘গ্রেপ্তার রাকিবকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।’