ছিনতাইয়ের অভিযোগে ছয় শিক্ষকের বিরুদ্ধে মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত সোমবার ছয় শিক্ষকসহ ১৮ জনের নামে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন ক্ষমতাসীন দলের ভেলাগুড়ির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন। ৩১ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ওই ইউপির চেয়ারম্যানের পক্ষে কাজ না করায় তিনি ওই মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।
ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে পরাজিত প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমানের ছোট ভাই মহিউল আহমেদকে। ওই ছয় শিক্ষক হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজানুল হক, বনচৌকি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান, বোর্ডের হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, সহকারী শিক্ষক ইবনে ওহাব আল মাহমুদ, দক্ষিণ জাওরানী আবদুল লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও হাতীবান্ধা মডেল কলেজের প্রভাষক সাবেদ আলী।
তবে নির্বাচনের প্রায় এক মাস পর পরাজিত প্রার্থী মহিউল ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ওই মামলায় ছয়জন শিক্ষককে আসামি করায় অনেকেই ক্ষোভ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, মূলত নৌকা মার্কার পক্ষে কাজ না করায় এসব শিক্ষকসহ ১৮ জনের নামে ওই মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ রাত নয়টার দিকে পাঁচটি মোটরসাইকেলে করে নৌকার সমর্থকেরা ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী মহির উদ্দিনের বাড়ির দিকে যাচ্ছিলেন। তাঁরা বনচৌকি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে এলে জাতীয় পার্টির প্রার্থী মহিউল ও তাঁর সমর্থকদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় মহিউল ও তাঁর লোকজন আওয়ামী লীগ সমর্থকদের মারধর করে তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নেন।
এদিকে আসামিরা গত বুধবার লালমনিরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
আসামি রেজানুল হক বলেন, সারা জীবন স্কুলে শিক্ষকতা করে শেষ বয়সে এসে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে মামলা মেনে নিতে পারছেন না তিনি। একইভাবে ক্ষোভ প্রকাশ করেন প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
মামলার প্রধান আসামি মহিউল বলেন, ওই মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরাও রয়েছেন। এসব মানুষ নৌকার পক্ষে কাজ না করায় তাঁদের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ওই মামলা করা হয়েছে। তবে মহির উদ্দিনের দাবি, তাঁর সমর্থকদের তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে বলেই তিনি থানায় ওই মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাতীবান্ধা থানার এসআই মিজানুর রহমান বলেন, ওই মামলায় কয়েকজন শিক্ষককে আসামি করা হলেও তাঁরা সবাই আদালত থেকে জামিন নিয়েছেন।