ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তি গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীর সাতাইশ রোড ও হোসেন মার্কেট এলাকা থেকে পুলিশ গত মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ছিনতাইকারী। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি এবং দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গীর এরশাদনগরের ১ নম্বর ব্লকের বাসিন্দা মো. ইব্রাহিম মিয়ার ছেলে টিপু সুলতান (২০), ২ নম্বর ব্লকের সিরাজ বেপারীর ছেলে শামিম হোসেন (২২) ও মৃত বাবুল মিয়ার ছেলে মহারাজ মিয়া (২০)। পুলিশ জানায়, সাতাইশ রোড ও হোসেন মার্কেট এলাকায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ওই ব্যক্তিরা ছিনতাই করছিলেন। তখন এলাকাবাসীর সহায়তায় একটি চাপাতিসহ মহারাজকে এবং হোসেন মার্কেট গেদু মোল্লা রোড এলাকা থেকে একটি চাপাতি, একটি ছুরি এবং একটি চাকুসহ টিপু সুলতানকে ও শামিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।