ছিনতাইয়ের এক মাস হলেও জিম্মি মুক্তির অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণির সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ার এক মাস পার হয়ে গেল। গতকাল মঙ্গলবার বিকেলে আবার জলদস্যুদের সঙ্গে জাহাজ কর্তৃপক্ষ কথা বলেছে। তবে আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। এর আগে গত ৩০ ডিসেম্বর জিম্মি নাবিকদের সঙ্গে তাঁদের স্বজনেরা কথা বলেছিলেন। জানা গেছে, পাঁচ দিন পর গতকাল দুই দফায় জলদস্যুদের এক নেতা ও জাহাজের ক্যাপ্টেন ফরিদ আহমেদের সঙ্গে জাহাজ মালিকের প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মহাব্যবস্থাপক মেহেরুল করিম কথা বলেন। দুই দফায় দুজনের সঙ্গে তিন-চার মিনিট করে কথা হয়। মেহেরুল জানান, জলদস্যুদের সঙ্গে আলোচনায় আরও সময় লাগতে পারে। কারণ, জিম্মিদের ছেড়ে দেওয়ার ব্যাপারে আগে যে আন্তরিকতা দেখা গিয়েছিল, তা দেখা যায়নি। মেহেরুল বলেন, ‘চার মিনিট জলদস্যুদের নেতার সঙ্গে কথা বলার পর আমি জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলার আগ্রহ দেখালে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ৪০ মিনিট পর ক্যাপ্টেন ফরিদ ফোন করলে আমি তাকে একটি দোয়া শিখিয়ে দেই এবং সেই দোয়া জাহাজের সবাইকে পড়ার জন্য বলি। তিন মিনিট পর তাঁর সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’এক মাস আগে গত ৫ ডিসেম্বর আরব সাগরের ভারতীয় উপকূল থেকে জলদস্যুরা এমভি জাহান মণিকে ছিনতাই করে। এ সময় জাহাজে ২৬ জন নাবিক ছিলেন। এক মাস পরও নাবিকদের মুক্ত করার ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি না হওয়ায় নাবিকদের স্বজনদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক জিম্মি একজন নাবিকের স্ত্রী প্রথম আলোকে বলেন, ‘এক মাসেও নাবিকদের উদ্ধারে মালিকপক্ষ সন্তোষজনক কিছু করতে না পারায় আমরা হতাশ। আমরা আরও এক-দুই সপ্তাহ দেখব। তারপর হয় তো আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।’ তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এক মাসের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড এই ২৫টি পরিবারের কীভাবে কাটছে, তা বলে বোঝানো যাবে না।’তবে জাহান মণির মালিক মোহাম্মদ শাহজাহান বলেন, ‘জলদস্যুদের এখন অনেকটা সদয় বলে মনে হয়েছে। তারা জিম্মিদের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। প্রথম প্রকৌশলী ও তাঁর স্ত্রীকে আলাদা কক্ষে থাকার ব্যবস্থা করেছে। যেকোনো সময় জলদস্যুদের সঙ্গে সমঝোতা হয়ে যেতে পারে।’শাহজাহান বলেন, ‘আলোচনা কীভাবে এগোবে? ওরা ইচ্ছা হলে যোগাযোগ করে, ইচ্ছা না হলে বন্ধ রাখে। গতকাল কথা বলার আগে দুই দফায় প্রায় ১০ দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।