ছিনতাইয়ের কবলে গণজাগরণ মঞ্চ সমন্বয়ক
আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহানের কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরের কাজীর দেউড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, নগরের নাসিরাবাদ থেকে শরীফ চৌহান ব্যাটারিচালিত রিকশাযোগে আসকারদীঘির পাড় এলাকায় যাচ্ছিলেন। তাঁর রিকশাটি কাজীর দেউড়ি অ্যাপোলো শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে আরেকটি ব্যাটারিচালিত রিকশা সামনে এসে গতিরোধ করে। পরে মুখোশ পরিহিত এক যুবক তাঁর দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। অন্যজন পকেটে হাত ঢুকিয়ে ১২ হাজার টাকা নিয়ে দ্রুত চলে যায়।
শরীফ চৌহান প্রথম আলোকে বলেন, ‘মুখোশ পরা ওই যুবক নিজেকে ওমর গণি এমইএস কলেজের সাবেক ছাত্রলীগ নেতা নিজাম বলে পরিচয় দেয়। চিৎকার করলে গুলি করার হুমকি দেয়। ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় পেছনে তাকিয়ে দেখি অপর একটি রিকশায় মুখোশ পরিহিত আরও দুই যুবক রয়েছে।’
এ ব্যাপারে পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। ঘটনার পর কাজীর দেউড়িতে সহকারী কমিশনার মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।