ছিনতাইয়ের ঘটনায় আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় গত সোমবার একটি বিড়ি কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ছিনতাই হওয়া ২৮ হাজার ৫৬ টাকা উদ্ধার করা হয়েছে।
আটক হওয়া দুই ব্যক্তি হলেন উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ গয়াবাড়ি ফুটানিরহাট গ্রামের সহদেব চন্দ্র রায় (৩২) ও মেনাজ বিড়ি কোম্পানির কর্মচারী দুলাল ইসলাম (৩৫)। দুলাল রংপুরের কাউনিয়াার মিনাবাজারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, মেনাজ বিড়ি কোম্পানির বিক্রয় প্রতিনিধি আলাউদ্দীন (৫৫) ও ওই কোম্পানির কর্মচারী দুলাল গত সোমবার একটি মোটরসাইকেলে করে ডিমলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে পাওনা ৪ লাখ ৭০ হাজার টাকা আদায় করেন। বেলা একটার দিকে আদায় করা টাকা নিয়ে উপজেলার নাউতরা ভাঙ্গার সেতু এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেলে দুই আরোহী সহদেব চন্দ্র রায় ও খোকন ইসলাম (১৮) তাঁদের পথ রোধ করেন। এ সময় তাঁরা আলাউদ্দীনের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান। থানায় অভিযোগ করতে এলে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুলালকে আটক করে পুলিশ। এরপর সোমবার রাতে পাঙ্গা বাজার থেকে সহদেবকে আটক করা হয়। এ সময় ২৮ হাজার ৫৬ টাকা উদ্ধার করে পুলিশ।