ছিনতাইয়ের চেষ্টাকালে যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিলেন লোকজন
চট্টগ্রামে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের পাহাড়তলী এলাকায় ন্যাশনাল ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম জানা যায়নি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে ব্যবসায়ী জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, পাহাড়তলী বাজার ন্যাশনাল ব্যাংকে ৫ লাখ টাকা জমা দিয়ে
তিনি ও তাঁর ছোট ভাই সাইফুল্লাহ রিকশায় করে অলংকার মোড়ের দিকে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর একটি মোটরসাইকেল রিকশার পাশ দিয়ে যাওয়ার সময় সাইফুল্লাহর হাতে থাকা একটি প্যাকেটে ব্লেড দিয়ে পোঁচ দেয়। প্যাকেটে ৪০ হাজার টাকা ও কিছু কাগজপত্র ছিল।
ছিনতাইয়ের ঘটনা ঘটতে যাচ্ছে আঁচ করতে পেরে সাইফুল্লাহ হাত দিয়ে ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক মাটিতে পড়ে যায়। তখন মোটরসাইকেলে থাকা যুবক দ্রুত পালিয়ে যায়। এ সময় রাস্তায় থাকা লোকজন দৌড়ে এসে মাটিতে পড়ে যাওয়া ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেন স্থানীয় লোকজন। ওই ছিনতাইকারীর পরিচয় এবং পলাতক ছিনতাইকারীকে ধরার চেষ্টা চলছে।