ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে আড়াই লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন ওমর ইসলাম (২৪) ও মোহাম্মদ কলিম (২৬)। গতকাল বুধবার বেলা আড়াইটায় নগরের পাঁচলাইশ বিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘বিবিরহাট এলাকার বিকাশ প্রতিনিধি ইয়াহিয়া হেলাল দুই লাখ ৪২ হাজার টাকা একটি থলেতে নিয়ে বণ্টন করতে যাচ্ছিলেন। এ সময় দুই ছিনতাইকারী তাঁকে কুপিয়ে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। চিৎকার শুনে টহল পুলিশ ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে চায়নিজ কুড়াল ও ছোরা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহত ইয়াহিয়া হেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।