ছিনতাইয়ের টাকায় পোস্টার?
সিলেটে ব্র্যাক ব্যাংকের কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) হাতে আটক সাতজনের একজন হচ্ছেন মো. আজাদ রহমান। নগরের আখালিয়া নতুন বাজারের বাসিন্দা আজাদ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর পক্ষের কর্মী।
গত শনিবার সিলেটে ১৮-দলীয় জোটের জনসভা উপলক্ষে নগরে সাঁটানো মাহবুবুল হক চৌধুরীর ছবিসংবলিত পোস্টার ছাপিয়েছেন আজাদ। চাররঙা পোস্টার ছিনতাইয়ের টাকায় কি না—এ নিয়ে প্রশ্ন উঠেছে। গত মঙ্গলবার বিকেলে নগরের মেজরটিলায় র্যাব-৯-এর কার্যালয়ে আটক অন্যদের সঙ্গে আজাদকেও উপস্থিত করে র্যাব। মেজরটিলা এলাকায় বিভিন্ন স্থাপনা ও বৈদ্যুতিক খুঁটিতে সাঁটানো ছিল আজাদের সৌজন্যে পোস্টারগুলো।
ছাত্রদল সূত্র জানায়, আজাদ তাঁর তিন সঙ্গীকে নিয়ে ছবিযুক্ত পোস্টার গত শনিবার সিলেটে ১৮-দলীয় জোটের জনসভার একদিন আগে প্রচার করে। নগরের গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয় পোস্টার। এতে ‘সৌজন্যে আজাদ রহমান, মহানগর ছাত্রদল নেতা’ উল্লেখ রয়েছে। খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর ছবিও রয়েছে।
জানতে চাইলে মাহবুবুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জনসভার প্রচারণায় বহু পোস্টার, ব্যানার, বিলবোর্ড ছিল। কে কার ছবি নিয়ে পোস্টার ছেপেছে, তা ওই সময় দেখা যায়নি। বিষয়টি আসলে নজরদারির মধ্যে রাখা সম্ভবও নয়।’ আজাদকে চিনেন কি না—এমন প্রশ্নে মাহবুবুল হক বলেন, ‘এ নামে একজন কর্মী ছিল। তবে ছিনতাইসহ নানা রকম অভিযোগ থাকায় তাঁকে দল কিংবা আমার পক্ষ থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।’
ছিনতাই হওয়া টাকা উদ্ধার প্রসঙ্গে র্যাবের অধিনায়ক এম রাশেদ সাত্তার সংবাদ সম্মেলনে বলেন, ছিনতাইয়ের কোটি টাকা ভাগাভাগি করে নিয়েছে এরা। এর ৬০ লাখ টাকা ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারীর হাতে রয়েছে। বাকি টাকার মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে আট লাখ ৮৫ হাজার ৯২৪ টাকা। বাকিটা সম্ভবত এরা (ছিনতাইকারীরা) খরচ করে ফেলেছে।