‘পেশাদার’ ছিনতাইকারীর পাশাপাশি চট্টগ্রাম নগরে গত কয়েক মাসে ছিনতাইয়ের কয়েকটি ঘটনায় গ্রেপ্তার হয়েছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ অভিজাত পরিবারের সন্তানেরাও। পরিবর্তন এসেছে ছিনতাইয়ের ধরনেও।
পুলিশের করা তালিকাতেই চট্টগ্রাম নগরের ছিনতাইপ্রবণ স্পট (এলাকা) ১৬০টি। পুলিশ বলছে, এর মধ্যে অন্তত ২০টি স্পটে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। এসব এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর কথা বলা হলেও থেমে নেই ছিনতাই।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে অভিনব কৌশলেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কখনো সালাম দিয়ে, আবার কখনোবা কোনো নারীকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে প্রথমে কাউকে ফাঁসানো হয়। পরে তাঁকে মারধর করে টাকাপয়সা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ছিনতাইয়ের একটি মামলায় আট মাস সাজা খাটার পর গত এপ্রিলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান দুই যুবক। ১৭ মে রাতে একই অপরাধ করতে গিয়ে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় পুলিশের হাতে আবারও ধরা পড়েন তাঁরা। ১৮ মে বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে দুই যুবক মো. রুবেল ও রমজান আলী প্রথম আলোকে বলেন, কাজ পাওয়া যায় না। ছিনতাইয়ে কম কষ্টে বেশি টাকা পাওয়া যায়। তাই মাঝেমধ্যে ছিনতাই করতেন তাঁরা। তবে এবার কারাগার থেকে বের হলে তাঁরা ভালো হওয়ার চেষ্টা করবেন।
এর আগে গত ২২ এপ্রিল নগরের অক্সিজেন এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার করা হয় আবদুল খালেক নামের আরও এক যুবককে। কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে তিনি আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, সাজা খাটার পরও অপরাধীরা শোধরাচ্ছে না। কারাগার থেকে বের হয়ে তারা আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। এ জন্য জামিনে আসা ছিনতাইকারীদের ওপর নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তাঁরা। সন্তানেরা কোথায় যাচ্ছে, কী করছে, সে বিষয়ে খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।
পুলিশের দেওয়া তথ্যমতে, এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে নগরে ছিনতাইয়ের ঘটনায় ৪৮টি মামলা হয়েছে। তবে ছিনতাইয়ের শিকার হলেও অনেকে পুলিশি ঝামেলা এড়াতে থানায় অভিযোগ বা মামলা করেন না।
সাধারণত ভোর ও রাতে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটলেও এখন দিনদুপুরেও এ ঘটনা ঘটছে। গত ২৪ এপ্রিল দুপুরে নগরের বাদুরতলা এলাকায় একটি রাইডার (যাত্রীবাহী ছোট বাস) থামিয়ে দিদার আলম নামের এক ব্যক্তির কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। যেখানে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে, তার আশপাশের বিভিন্ন স্থাপনায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ছিল। পরে পুলিশ ভিডিও ফুটেজ দেখে ছিনতাইয়ে জড়িত চার যুবককে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১০ লাখ ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়।
গত বছরের ১৭ আগস্ট দুপুরে জুবিলী রোডের শাহ আমানত মার্কেটের সামনে ‘কর্ণফুলী এজেন্সি’ নামের টাইলস বিক্রির একটি প্রতিষ্ঠানের কর্মচারীকে ছুরিকাঘাত করে ১০ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ছিনতাইকারীদের মধ্যে পাঁচজন নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘ছিনতাইয়ের সঙ্গে জড়িত কয়েকজন যুবক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। একজন ছাত্রের বাবার মাসিক বেতন চার লাখ টাকা। তাঁদের কর্মকাণ্ডে আমরা বিস্মিত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রের মধ্যে একজন ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।’
চট্টগ্রামের মুরাদপুরের বাসিন্দা সঞ্জয় মহাজন বলেন, ১২ মে সন্ধ্যায় রিকশাযোগে বাসায় ফেরার পথে চার-পাঁচজন যুবক তাঁকে সালাম দিয়ে কথা বলতে চান। পরে তাঁরা অস্ত্রের ভয় দেখিয়ে মুঠোফোন ও টাকা নিয়ে চলে যান। বিষয়টি তিনি পুলিশকে জানান, তবে মামলা করেননি।
গত ১৯ এপ্রিল দুপুরে নেভাল অ্যাভিনিউ এলাকায় ছিনতাইয়ের শিকার হন দুই সহোদর। বড় ভাই এস মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমার দুই ভাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জুবিলী রোড শাখা থেকে টাকা নিয়ে রিকশায় করে কাজীর দেউড়ি যাওয়ার পথে কয়েকজন ছিনতাইকারী গতিরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাগভর্তি পাঁচ লাখ টাকা নিয়ে যায় তারা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।’
গত ৭ এপ্রিল আন্দরকিল্লা থেকে টাকা নিয়ে চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলেন রশিদুল হাসান নামের এক ব্যক্তি। আন্দরকিল্লা এলাকায় আট-নয়জন যুবক তাঁকে ঘিরে ধরেন। ওই যুবকদের একজনের বোনকে তিনি উত্ত্যক্ত করেছেন—এমন মিথ্যা অভিযোগ তুলে তাঁকে মারধর করতে থাকেন। পরে তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান তাঁরা। পরে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি টাকা এখনো উদ্ধার করা যায়নি।
১ মে সন্ধ্যায় মুরাদপুর রেলক্রসিং এলাকায় ছিনতাইয়ের শিকার হন প্রবাসী নাসিম আহমেদ। তিনি বলেন, রাত ১০টার দিকে রিকশাযোগে বাসায় যাওয়ার পথে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর মুঠোফোন ও টাকা নিয়ে যান কয়েকজন যুবক। থানা-পুলিশের নানা জেরা, ঝামেলামুক্ত থাকতে তিনি মামলা করেননি।
পুলিশ জানায়, নগরের লাভ লেন, নেভাল অ্যাভিনিউ, এম এ আজিজ স্টেডিয়াম, সিআরবি, টাইগারপাস মোড়, কদমতলী, ডিসি হিল, রাইফেলস ক্লাব, শহীদ মিনার এলাকা, সার্সন রোড, আসকার দিঘির পাড়, গণি বেকারি মোড়, রহমতগঞ্জ এলাকা, নিউমার্কেট, বিআরটিসি মোড়, অক্সিজেন রোড এলাকাকে ছিনতাইপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।
তবে নগরের নিউমার্কেট, আন্দরকিল্লা, নেভাল অ্যাভিনিউ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন। নিউমার্কেট এলাকায় ছিনতাই হওয়া বেশির ভাগ টাকা হুন্ডির হওয়ায় ভুক্তভোগীরা মামলা করেন না বলে পুলিশ জানায়।
২০১৪ সালে ১০২ জন ছিনতাইকারীর তালিকা প্রস্তুত করে চট্টগ্রাম নগর পুলিশ। এরপর তালিকাটি আর হালনাগাদ করা হয়নি। ওই তালিকার কতজন গ্রেপ্তার হয়েছেন, কতজন জামিনে আছেন, সে তথ্য পুলিশের কাছে নেই।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সম্প্রতি নগরের ১৬ থানাকে ১৪৫টি অঞ্চলে (বিটে) ভাগ করা হয়েছে। বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ওই এলাকায় কারা ছিনতাইয়ে জড়িত, তা খুঁজে বের করবেন। এরপর ছিনতাইকারীদের তালিকা হালনাগাদ করা হবে।