ছিনতাইয়ের নয় লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই ও আশুলিয়ার দুটি কারখানার ৮৬ লাখ টাকা ছিনতাই হওয়ার প্রায় এক মাস পর পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে পুলিশ ছিনতাই হওয়া নয় লাখ টাকা উদ্ধার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নান্দাইলের আবদুল আউয়াল, বাগেরহাটের ফকিরহাটের হাবিব মিয়া ও মানিকগঞ্জের দৌলতপুরের সোনা মিয়া। তাঁরা ঢাকার আশুলিয়া ও তুরাগ এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া এলাকার লিটল স্টার স্পিনিং মিলের কয়েকজন কর্মকর্তা গত ৫ মার্চ ডাচ্-বাংলা ব্যাংকের জামগড়া শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করে মাইক্রোবাসে করে কারখানায় ফিরছিলেন। টাকা নিয়ে কারখানার কাছাকাছি যাওয়ার পর দুর্বৃত্তরা গুলি চালিয়ে ভয় দেখিয়ে টাকাভর্তি থলে নিয়ে পালিয়ে যায়। এর মাত্র পাঁচ দিন পর ১০ মার্চ ধামরাইয়ের কালামপুরের করিম টেক্সটাইল মিলের কয়েকজন কর্মকর্তা ইসলামী ব্যাংক কালামপুর শাখা থেকে ৬৬ লাখ টাকা তুলে মাইক্রোবাসে করে কারখানায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। দুর্বৃত্তরা নিরাপত্তা কর্মকর্তা আবদুল করিমের পায়ে ও হাতে গুলি করে টাকা ছিনিয়ে নেয়। এ দুটি ঘটনায় আশুলিয়া ও ধামরাই থানায় মামলা হয়।
আশুলিয়া ও ধামরাই সার্কেলের এএসপি রাসেল শেখ বলেন, কোনো সূত্র না থাকায় টাকাসহ ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের হদিস পাওয়া যাচ্ছিল না। পরে প্রযুক্তির সাহায্য নিয়ে গত সোমবার বিকেলে জামগড়া এলাকা থেকে আউয়ালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন রাতেই রাজধানীর উত্তরার নর্থ টাউয়ার থেকে হাবিব ও আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে সোনা মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ছিনতাইয়ের নয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।