ছিনতাইয়ের পর আটক তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ছিনতাই করার সময় ইসমাইল হোসেন (২৩) নামের এক তরুণকে আটক করে জনতা। পরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম তাকে দেড় বছরের কারাদণ্ড দেন।
সারওয়ার আলম বলেন, বিকেল পৌনে তিনটার দিকে নিউমার্কেট-সংলগ্ন চাঁদনী চক মার্কেটের সামনে রিকশারোহী এক নারীর গলার চেইন ধরে টান দেয় ওই তরুণ। চেইনটি ছিনিয়ে নিয়ে তরুণটি পালাতে থাকে। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, তিনি তখন ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। হইচই শুনে তিনি সেখানে এগিয়ে যান। এরপর পুরো ঘটনা শুনে তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দণ্ড দেন।