ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হলো
ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনে ছিনতাই শেষে এক ব্যবসায়ীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেয় পুলিশ।ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা দুই হাজার টাকা, মুঠোফোন, বেশ কিছু টাইলস ও আচারের সামগ্রী নিয়ে যায়। তবে এ ঘটনায় গতকাল রোববার বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ ও আহত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন বাসিন্দা, আচার ব্যবসায়ী নজরুল ইসলাম গত শনিবার রাতে ঢাকা থেকে ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা এলাকায় ট্রেনটি ধীরগতিতে চলতে থাকলে চার যুবক ট্রেনের ওই বগিতে ওঠেন। তাদের মধ্যে একজন নজরুলের কাছে সিগারেট চান। একটু পরেই সবাই মিলে তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত ট্রেন থেকে তাঁকে ফেলে দেওয়া হয়। পরে সদর থানা-পুলিশের এক উপপরিদর্শক তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, টহল দেওয়ার সময় ভাতশালা এলাকায় একজনকে হাত উঠিয়ে সাহায্য চাইতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।