ছিনতাইয়ের পর টাকার ভাগাভাগি নিয়ে একজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে দুই যুবককে মারধর করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে ওই টাকার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে মারামারিতে একজন গুরুতর জখম হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গফরগাঁওয়ের আরাফাত মিয়া (২৮) ও সাদেকুল হোসেন (২২) ডলার কেনার জন্য বৃহস্পতিবার রাতে পূর্বপরিচিত রুবেল ও সুমনের সঙ্গে উপজেলার মাইজবাগ এলাকায় যান। সেখানে একটি প্রতারক চক্রের সদস্যরা ডলার দেখিয়ে টাকা দিতে বললে জাল ডলার বুঝতে পেরে তাঁরা তা নিতে অস্বীকার করেন। এ সময় তাঁদের মারধর করে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারক চক্রের সদস্যরা। পরে টাকার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অন্যরা আজাহারুল ইসলাম নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর ও ভাইস চেয়ারম্যান বদরুল আলম ওই দুই যুবককে উদ্ধার করেন।এদিকে আজাহারুল রাতেই আহত অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পুলিশ তাঁকে আটক করেনি বলে অভিযোগ করেছে স্থানীয় লোকজন।উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী বলেন, থানার সঙ্গে প্রতারক চক্রের সখ্য থাকার কারণেই সম্ভবত আজাহারুলকে আটক করা হয়নি।তবে এ অভিযোগ অস্বীকার করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই দুজন মামলা করলে আজাহারুলকে গ্রেপ্তার করা হবে।