ছিনতাইয়ের প্রতিবাদে দুই ঘণ্টা দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকার ব্যবসায়ীরা। গতকাল সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ব্যবসায়ীরা ছিনতাইকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
চৌধুরীহাট বাজারের ছোট-বড় প্রায় ৩০০ দোকান সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ সময় আয়োজিত মানববন্ধনে স্থানীয় লোকজনও অংশ নেন। সভায় বক্তারা দাবি করেন, পুলিশের ব্যর্থতার জন্য ছিনতাই বন্ধ হচ্ছে না।
চৌধুরীহাট বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির সভাপতি মো. ইছহাকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক আলী ফারুক, জ্যেষ্ঠ সহসভাপতি জি এম এ মান্নান, ব্যবসায়ী অশোক দেব, স্থানীয় আওয়ামী লীগের নেতা গাজী শফিউল আজিম, হাছানুজ্জামান বাচ্চু, স্থানীয় বাসিন্দা গাজী মো. আলী, সিরাজুল ইসলাম, গাজী তৈয়ব, গাজী আক্কাস প্রমুখ।
গত রোববার বেলা ১১টার দিকে চৌধুরীহাট বাজারে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে অজিত স্টোর-এর কর্মচারী সাগর চক্রবর্তীকে ছুরি মেরে ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পালানোর সময় জাহেদ নামের একজনকে ধরে স্থানীয় লোকজন পিটুনি দেন। পরে তাঁকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এ ঘটনায় সাগর চক্রবর্তী বাদী হয়ে হাটহাজারী থানায় ওই দিন রাতে মামলা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল মো. জাহাঙ্গীর গতকাল দুপুরে বলেন, জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।