ছিনতাইয়ের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গৌছউদ্দিনকে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাত সোয়া আটটার দিকে সিলেট-বিয়ানীবাজার মহাসড়কের আলীনগর ইউনিয়নের গাছতলায় একটি সিএনজি অটোরিকশার গতি রোধ করে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের পর একটি মাইক্রোবাসে ছিনতাইকারীরা পালানোর সময় ছিনতাইয়ের শিকার ওই অটোরিকশার যাত্রী আবদুর রহমান তাঁদের তাড়া করেন। গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারের কাছে আসার পর এলাকাবাসীর সহায়তায় চালক ফরহাদ হোসেনসহ (২৮) ছিনতাইকাজে ব্যবহূত মাইক্রোবাসটি আটক করা হয়। এ ঘটনায় আবদুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, চালকের স্বীকারোক্তি এবং বাদীর অভিযোগের ভিত্তিতে আলীনগর ইউপি চেয়ারম্যান গৌছউদ্দিনকে (৫০) সন্ধ্যায় আটক করা হয়। মামলার অন্য আসামি মিছবাহ পলাতক রয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।