মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা শুরু হয়েছে ঝিনাইদহের মধ্যে, আর শেষ হয়েছে মাগুরায়। তাই দুই থানা কর্তৃপক্ষ মোটরসাইকেলের মালিকের লিখিত অভিযোগটি গ্রহণ নিয়ে ঠেলাঠেলি করছে।ঝিনাইদহের পুলিশ বলেছে, ঘটনার শেষ মাগুরায়, তাই মামলা হবে মাগুরা থানায়। আর মাগুরা পুলিশ বলেছে, ঘটনার শুরু যেহেতু ঝিনাইদহে, তাই মামলাও ঝিনাইদহ থানাতেই হবে। এভাবে গত দুই দিনেও অভিযোগটি থানায় জমা দিতে পারেননি মোটরসাইকেলের মালিক স্কুলশিক্ষক সাধন কুমার। তিনি অভিযোগ করেন, ছিনতাইকারীরা ১৮ অক্টোবর বেলা ১১টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওপর থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাঁর মোটরসাইকেলটি কেড়ে নেয়। তারা ঝিনাইদহ অংশে তাঁর গতিরোধ করে। আর অফিসে নেওয়ার কথা বলে মাগুরা অংশে নিয়ে যায়। যে কারণে তিনি এখনো কোনো থানায় মামলা দিতে পারছেন না। তিনি বলেন, ‘থানায় অভিযোগ দিতে না পারলে মোটরসাইকেলটি উদ্ধার হলেও মালিক হিসেবে দাবি করতে পারব না। আবার ওই মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা কোনো অপরাধ করলে মালিক হিসেবে আমার ফেঁসে যাওয়ার আশঙ্কা আছে।’ মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, যে স্থানে ঘটনা শুরু হয় সেটাকে পিও (প্লেস অব অকারেন্স) বলা হয়। যে কারণে তিনি এই মামলা নিতে পারেন না। তবে ঝিনাইদহ থানায় মামলা হলে তিনি মোটরসাইকেল উদ্ধারের বিষয়ে সহযোগিতা করবেন।ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) সুনিত কুমার জানান, ঘটনা যেখানে শেষ হয়েছে, পিও সেটা হবে। যে কারণে তাঁরা মামলাটি নথিভুক্ত করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন কোথায় পিও হবে। তারপর ব্যবস্থা গ্রহণ করবেন।