ছিনতাইয়ের সময় ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশার যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের সময় দ্রুতগতিতে আসা ট্রাকের চাপায় এক ছিনতাইকারী নিহত হয়েছেন। ট্রাকটির ধাক্কায় অটোরিকশা উল্টে আহত হয়েছেন ছয়জন যাত্রী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার বাসুলডাঙ্গায় সাপাহার-পোরশা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩৮ বছর। অটোরিকশার আহত এক যাত্রী নিহত ব্যক্তিকে ছিনতাইকারী বলে নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ সড়কে পড়ে থাকা ছিনতাইকারীর লাশ উদ্ধার করে।

আহত ছয় যাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন অটোরিকশাচালক জামান, যাত্রী মনোয়ারা, তাছলিমা, মিলন রহমান, আলেক ও জাহিদুল। আহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশাচালক জামান ও তাছলিমার অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাসুলডাঙ্গা গ্রামের শহিদুল হকের স্ত্রী মনোয়ারা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কয়েকজন প্রতিবেশী ব্যাটারিচালিত অটোরিকশা করে তাঁকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে রাত পৌনে ১২টার দিকে তাঁরা একই অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। পথে বাসুলডাঙ্গা মোড়ে পৌঁছালে রাস্তার ওপর গাছের ছোট ছোট গুঁড়ি পড়ে থাকতে দেখে অটোরিকশার চালক গতি কমিয়ে আনেন। ওই সময় মুখে কালো কাপড় বেঁধে ও ধারালো অস্ত্র হাতে তিনজন ছিনতাইকারী যাত্রীদের কাছে থাকা টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পোরশা থেকে দ্রুতগতিতে আসা মালবোঝাই একটি ট্রাক ওই স্থান অতিক্রমের সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ওই ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিন ছিনতাইকারীর একজন। আর অটোরিকশা উল্টে আহত হন চালক ও পাঁচ যাত্রী। যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত ছিনতাইকারীর ব্যাপারে পুলিশকে খবর দিলে রাত দুইটার দিকে পুলিশ এসে রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত যাত্রী মিলন রহমান প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিন ছিনতাইকারীর একজন আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। তাঁর ব্যাপারে লোকজন পুলিশকে খবর দেয়।’
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।