ছিনতাইয়ের সময় দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে একজন গ্রাহকের টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনীতে সোনালী ব্যাংক প্রধান শাখায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে আজিম খোন্দকার নামের একজন গ্রাহক টিটি করতে যান। তিনি ক্যাশ কাউন্টারে গিয়ে এক লাখ ৬৮ হাজার ৬৯৫ টাকা ক্যাশ টেবিলে রেখে ফরম পূরণ করছিলেন। এ সময় অপরিচিত দুই ব্যক্তি কৌশলে তাঁর পেছনে দাঁড়িয়ে ক্যাশ কাউন্টারের বাইরে ছোট নোটের কিছু টাকা ছিটিয়ে দিয়ে তাঁকে টাকাগুলো তুলতে বলেন। তিনি টাকাগুলো তাঁর নয় বলে নিজের কাজে মনোযোগ দেন। তার পরও ওই দুই ব্যক্তি ওই গ্রাহককে টাকাগুলো তুলে নিতে অনুরোধ করেন। এরপর তিনি যখন নিচ থেকে ওই টাকা তুলতে চেষ্টা করেন, ঠিক তখন ক্যাশ কাউন্টারে রাখা গ্রাহকের টাকাগুলো দ্রুত একটি ব্যাগে ঢুকিয়ে দুই ছিনতাইকারী পালানোর চেষ্টা করে। এ সময় গ্রাহক একজনকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। তখন আরেকজন এগিয়ে গিয়ে তাকে (ছিনতাইকারী) বাঁচাতে চেষ্টা করেন। ব্যাংক কাউন্টারে অন্য গ্রাহক এবং কর্মচারীরা দ্রুত এগিয়ে গিয়ে দুই ছিনতাইকারীকে ধরে মারধর শুরু করেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক স্বপন কুমার দাস জানান, ব্যাংকের মধ্যে হইচই শুনে তিনি এগিয়ে গিয়ে দুজনকে মারধর করতে দেখেন। ঘটনা জানার পর তিনি দুই ছিনতাইকারীকে তাঁর কক্ষে আটক রেখে পুলিশকে খবর দেন। পরে ফেনী মডেল থানার পুলিশ দুই ছিনতাইকারীকে ব্যাংক থেকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনায় ওই গ্রাহক আজিম খোন্দকার বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন।