ছিনতাইয়ের সময় দুজনকে ধরে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লাভলেইন এলাকায় গতকাল রোববার দুপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় ছিনতাইকারী দলের দুই সদস্যকে ধরে পিটুনি দিয়েছে লোকজন। তবে দলের অপর দুই সদস্য প্রণবেশ ধর (৫০) নামে ওই ব্যবসায়ীর সাড়ে ৪৭ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে।ছিনতাইকারীদের বন্দুকের বাঁটের আঘাতে প্রণবেশের মাথা ফেটে গেছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধরা পড়া দুই ব্যক্তি হলেন উজ্জ্বল (৩০) ও মিনহাজ (২৮)। গণপিটুনিতে আহত হওয়ায় তাঁদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, নগরের ভিআইপি টাওয়ারে অপূর্ব জুয়েলার্স নামে প্রণবেশের একটি দোকান রয়েছে। তিনি কাজীর দেউড়ি এলাকায় থাকেন। জানা গেছে, বেলা দেড়টার দিকে প্রণবেশ হাজারি গলি থেকে একটি রিকশাযোগে ভিআইপি টাওয়ারে ফিরছিলেন। তাঁর কাছে কিছু স্বর্ণ ও টাকা ছিল।নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মনজুর মোরশেদ জানান, লাভলেইন এলাকায় তাঁর রিকশাটি পৌঁছালে একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরকশায় আসা ছিনতাইকারীরা তাঁর গতি রোধ করে। তারা প্রণবেশের কাছ থেকে টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করে। তারা টাকা নিতে পারলেও স্বর্ণগুলো নিতে পারেনি। একপর্যায়ে তারা প্রণবেশের মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়।পরে তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে।