ছিনতাইয়ের সাত দিন পর অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৩
গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার এলাকা থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা গতকাল শুক্রবার জামালপুরের সরিষাবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। এটি এর আগের শুক্রবার ছিনতাই হয়। ছিনতাইয়ের সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করা করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার থেকে টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের মফিজ উদ্দিনদের একটি অটোরিকশা ছিনতাই হয়। তিনি অটোরিকশা ছিনতাইয়ের একটি মামলা করেন। কাপাসিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হযরত আলী (৫৫) নামে এক ছিনতাইকারীকে ভূঞাপুর থেকে গ্রেপ্তার করেন। তিনি টাঙ্গাইল সদর থানার অলহ ভবানিয়া গ্রামের মৃত জামশেদ আলীর ছেলে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সরিষাবাড়ির আমলী পাড়ার বাবুল তালুকদারের বাড়ি থেকে অটোরিকশাটি উদ্ধার করে। এ সময় উপজেলার বারিষাব ইউনিয়নের বানার হাওলা গ্রামের ফারুক (৩০) ও শরিফ (২৫) নামের আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার হয়েছে। কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোমিন সিরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।