ছিনতাইয়ের ১৫ লাখ টাকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গরু ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা প্রায় ১৫ লাখ টাকা ৩৬ ঘণ্টা পর ফেরত দিয়েছে ছিনতাইকারী ও তাদের পরিবার। পুনরায় এ রকম অপরাধ না করার শর্তে সামাজিকভাবে বিচার করে ছিনতাইকারীদের ছেড়ে দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে সন্তোষপুর-নাগেশ্বরী সড়কের সাত ভাই মোড় এলাকায় গরু ব্যবসায়ী নুর আমিনকে আটকিয়ে তাঁকে মারধর করে ১৪ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেন তিন যুবক। পরে পৌরসভার পুরোনো বাজার এলাকার কাজী রেস্টহাউসে বসে সে টাকা ভাগ-বাঁটোয়ারা করে নেন পৌরসভার হাজীপাড়া গ্রামের রাকিবুল হাসান, বানুর খামারের মোজাফ্ফর হোসেন, রংপুরের হনুমানতলার শাহী মোরশেদ ও ওই রেস্টহাউসের মালিকের ছেলে মাইদুল ইসলাম। পরে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে ব্যবসায়ীদের একটি গ্রুপ তৎপরতা চালায়। ছিনতাইকারীর অভিভাবকদের ডেকে তাঁদের সন্তানদের হাজির করতে বলা হয়। গত বৃহস্পতিবার রাতেই অভিভাবকেরা তাঁদের ছিনতাইকারী সন্তানদের নিয়ে বৈঠকে বসেন। তাঁরা ছিনতাইয়ের কথা স্বীকার করে ১০ লাখ টাকা ফেরত দেন। বাকি টাকা উদ্ধারে গত শুক্রবার পুনরায় বৈঠক বসলে গভীর রাতে ছিনতাইকারীরা সমুদয় টাকা ফেরত দেন। পরে এ রকম অপরাধ না করার শর্তে সামাজিকভাবে বিচার করে ছিনতাইকারীদের ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজালুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। কিন্তু কেউ আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসেনি।’