ছিনিয়ে নেওয়া জঙ্গিদের ধরতে টেকনাফে কড়া নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল থেকে ছিনতাই হওয়া জঙ্গিদের ধরতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি-পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, গত রোববার ময়মনসিংহের ত্রিশালে পুলিশ হত্যা করে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া জেএমবির তিনজন জঙ্গির মধ্যে দুজন সালাউদ্দিন সালেহীন (৩৮) ও জাহিদুল ইসলামকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার পর দেশের বিভিন্ন সীমান্ত উপজেলায় অ্যালার্ট জারি করা হয়। এরই অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। গতকাল সোমবার বিজিবির সদর দপ্তর ও পুলিশ সদর দপ্তর থেকে পলাতক জেমএবি সদস্যদের ধরিয়ে দিতে পুলিশ সদস্য ও জনগণের উদ্দেশে পুরস্কারের অর্থমূল্য বাড়ানোর পাশাপাশি সীমান্তগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। এর পর থেকে মিয়ানমার সীমান্তের টেকনাফে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার সীমান্তের পুরো টেকনাফ উপজেলার প্রতিটি তল্লাশি চৌকি, ট্রানজিট ঘাটসহ বিভিন্ন এলাকায় সন্দেহভাজন লোকজনকে যাচাইবাছাই করা হচ্ছে। এ ছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে পালিয়ে যাওয়া জঙ্গিদের ছবি টাঙানোর পাশাপাশি পুরো এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্যদের নজরদারি জোরদার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, পুলিশ হত্যা করে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে জনপ্রতি পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পালিয়ে যাওয়া জঙ্গিরা যাতে এ এলাকায় আত্মগোপন করতে না পারে, সে জন্য এলাকাজুড়ে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।