ছিনিয়ে নেওয়া শিশুর সন্ধান মিলল আড়াই বছর পর
জন্মের এক সপ্তাহ পরই শিশুটি মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রায় আড়াই বছর বাচ্চার সন্ধান পাননি মা।
অবশেষে গতকাল বুধবার শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
ওই নারীর বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বটতলা গ্রামে। শিশুটি উদ্ধার হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাপুর গ্রাম থেকে।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন পূর্বধলার বটতলা গ্রামের এমদাদ মিয়া (৩২), গাজীপুরের শ্রীপুরের উজিলাপুর গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী লতিফা বেগম (৩৫) ও একই উপজেলার টেংরা গ্রামের আবুল কালাম (৩৫)। উদ্ধার করা শিশুটি গ্রেপ্তার হওয়া লতিফা বেগমের সঙ্গে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলার বটতলা গ্রামের অন্তঃসত্ত্বা এক বিধবাকে (তাঁর স্বামী মারা যান ২০১৪ সালের ফেব্রুয়ারিতে) ২০১৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এক দিন পর কথিত প্রেমিক ওই নারীকে গাজীপুরের মাওনার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে ১৮ নভেম্বর তিনি একটি ছেলেসন্তানের জন্ম দেন। এক সপ্তাহ পর কথিত প্রেমিক শিশুটিকে কেড়ে নিয়ে ও নারীকে তাড়িয়ে দেন। ওই ব্যক্তি শিশুটিকে গাজীপুরের শ্রীপুরের উজিলা গ্রামের লতিফার কাছে বিক্রি করে দেন। এ ঘটনায় শিশুটির মা ও তাঁর ‘প্রেমিকে’র মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়। কিন্তু শিশুটির সন্ধান পাওয়া যাচ্ছিল না।
দীর্ঘদিন তদন্ত করে পুলিশ জানতে পারে, শিশুটি শ্রীপুরের উজিলাপুর গ্রামে রয়েছে। নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ গতকাল ভোরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার লতিফা বেগম স্বীকার করেছেন ১৭ হাজার টাকার বিনিময়ে ওই ব্যক্তি বাচ্চাটিকে দিয়েছিলেন। তাঁর নামের (লতিফা) সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখেন আবদুল লতিফ। বর্তমানে লতিফার কাছেই শিশুটি রয়েছে। এরপরও তাঁর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।