ছিন্নমূল মানুষ জানে না কী দিয়ে ইফতার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন রোজা থাকার পর সন্ধ্যায় কোনো রকমে ইফতার সারতে পারবেন কি না সে চিন্তাই করেন জোবেদা বেগম (৪৫)। ভিক্ষা করে যে কয় টাকা পান, তা দিয়ে নিজের ও তিন সন্তানের খাবার জোগানোই কষ্টকর হয়ে পড়ে। ইফতারের জন্য বাড়তি টাকা খরচ করার কোনো উপায় নেই তাঁর। জোবেদার মতো বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অসংখ্য ছিন্নমূল মানুষ রয়েছেন, যাঁদের ইফতারের প্রস্তুতি বা আয়োজন বলতে কিছু নেই। নির্দিষ্ট কোনো আবাসস্থল বা কাজ না থাকায় এসব মানুষকে অন্যের দয়া-দাক্ষিণ্যের ওপর ভরসা করে থাকতে হয়। মোকামতলার-জয়পুরহাট সড়কের বাঁশপট্টি এলাকায় সড়কদ্বীপের ওপর গত শনিবার ইফতার করতে ভিড় করেছিলেন জনা-পনেরো মানুষ। এঁদের কারোরই নির্দিষ্ট আয় নেই। কেউ আড়তে মালপত্র নামান, কেউ ফেরি করে কলা বিক্রি করেন। সারা দিন ভিক্ষা করে রাতে এসে ওখানে ঘুমান এমন মানুষও ছিলেন সেখানে। সন্ধ্যায় ইফতার করার সময় এঁরা সবাই সড়কদ্বীপের ওপর এসে জড়ো হন। তাঁদের মাঝ থেকে মকবুল হোসেন (৪৫) নামে একজন গেলেন ইফতারি কিনতে। ৭৫ টাকার ইফতারি কিনে পত্রিকার ওপর একসঙ্গে মাখানো হলো। তাতে মুড়িই ছিল বেশি। মকবুল বলেন, ‘সকলি আজ পাঁচ ট্যাকা কর‌্যা দিচে। এ ট্যাকা দিয়াই মুড়ি, বুট আর বুন্দ্যা আনিচি। এগুলান একসাথে ম্যাখা হামরা ইফতার করমো।’ পাশে বসে থাকা ভিক্ষুক জয়নাব আলী (৫৫) বলেন, ‘গরিবেকেরে আবার ইফতার কী? দুডা মুড়ি আর পানি পেটোত গেলেই হলো। তাতিই হামরা খুশি।’