ছিন্নমূল শিশুদের জন্য এক অন্য রকম দিন
ছিন্নমূল শিশু তারা। হাসি-গান-আনন্দ দূরের কথা, ঠিকমতো খাবারই জোটে না। তবে যশোর শহরের এসব শিশুর জন্য শুক্রবারটা ছিল ব্যতিক্রম। নানা রকমের বিনোদন আর বিরিয়ানির স্বাদ গ্রহণের মধ্য দিয়ে দিনটি কাটিয়েছে তারা।
ছিন্নমূল শিশুদের চিত্তবিনোদনের জন্য যশোর পৌর উদ্যানে গতকাল এ শিশু বিনোদন মেলার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু অধিকার জোটের যশোর শাখা এ উদ্যোগ নেয়।
অনুষ্ঠানে যশোর শহরের বিভিন্ন এলাকার দেড় শতাধিক শিশু অংশ নেয়। সকাল ১০টায় কর্মসূচি শুরু হয়; চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল দৌড় ও বালিশ বদলের মতো বিভিন্ন দেশীয় খেলাধুলার প্রতিযোগিতা। আরও ছিল নাচ ও গানের অনুষ্ঠান। দুপুরে শিশুদের খেতে দেওয়া হয় মানসম্পন্ন বিরিয়ানি।
বিকেলে এসব শিশুর মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর শিশু অধিকার জোটের উপদেষ্টা সেতারা খাতুন। বক্তব্য দেন জোটের উপদেষ্টা আবিদুর রহমান ও আহ্বায়ক আইনজীবী তাহমিদ আকাশ।
সকালে এ শিশু বিনোদন মেলার উদ্বোধন করেন এ আয়োজনের পৃষ্ঠপোষক এসএইচ বিল্ডার্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম।