ছিন্নমূল শিশুদের দায়িত্ব সবাইকে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জিন্দাবাজার মোড়ে গতকাল বৃহস্পতিবার শিশুদের মধ্যে ফুল বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ফুলের সঙ্গে শিশুদের একটি প্রচারপত্রও দেওয়া হয়। প্রচারপত্রে লেখা ছিল, ‘সব শিশুদের প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। আর কোনো শিশুকে যেন মোড়ে মোড়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করতে না হয়।’ এই প্রচারণায় জাফর ইকবালের সঙ্গে ছিলেন স্ত্রী ইয়াসমিন হকসহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এ ছাড়া গতকাল দিনভর নগরের ব্যস্ততম ১১টি এলাকায় ২৫০ জন শিক্ষার্থী এভাবেই ‘সবার জন্য প্রাথমিক শিক্ষা’ প্রচারণায় অংশ নেন। জাফর ইকবাল বলেন, ‘আমাদের দেশের অনেক ছোট বাচ্চা প্রতিদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুল, পপকর্ন, পত্রিকা বিক্রি করছে। এদের জন্য সহমর্মিতা প্রকাশের জন্যই আয়োজকদের এই উদ্যোগ। আমরা চাই ছিন্নমূল শিশুদের অধিকার নিশ্চিত হোক। এদের দায়িত্ব সমাজের সবাইকে নিতে হবে। যে সময়টাতে ওই বাচ্চাদের স্কুলে যাওয়ার কথা, সে সময়টাতে এদের ফুল, পপকর্ন বিক্রি করতে হচ্ছে।’ জাফর ইকবাল সমাজের বিত্তবান মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, একজন মানুষ একজন বাচ্চার দায়িত্ব নিলে দেশে আর কোনো ছিন্নমূল শিশু থাকবে না।’ বিশ্ব শিশু দিবস উপলক্ষে পুরো পরিকল্পনার আয়োজক ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ—জাগো ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এই সংগঠনের উদ্যোগে দেশের সাতটি বিভাগ ও ১০টি জেলায় ‘সবার জন্য প্রাথমিক শিক্ষা’ স্লোগান নিয়ে তিনটি পর্যায়ে একই রকম কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সিলেটে শিশুদের মধ্যে প্রাথমিক শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌহিদুল আলম বলেন, শিগগিরই জাগো ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট শহরতলির একটি চা-বাগানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। সেখানে চা-বাগানের দরিদ্র শিশুদের পাশাপাশি ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুরা বিনা মূল্যে পড়াশোনার সুযোগ পাবে।দুপুরে ৭০ জন ছিন্নমূল শিশুকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে নগরের ধোপাদীঘির পার এলাকার ‘ওসমানী শিশু উদ্যানে’ নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুরা পার্কের রাইডে চড়ে দিনভর আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটায়। ছিন্নমূল এই ৭০ জন শিশুকে সঙ্গ দিয়েছেন ২৫ জন স্বেচ্ছাসেবক। জাগো ফাউন্ডেশন সিলেট অঞ্চলের সমন্বয়কারী ইমরান নেওয়াজ খুরশিদ প্রথম আলোকে বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সব মানুষের মধ্যে সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে।