ছিন্নমূলদের ফ্ল্যাটে প্রভাবশালীদের বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষানটেকে খাসজমিতে গড়ে ওঠা পুনর্বাসন প্রকল্পের ভবন
ভাষানটেকে খাসজমিতে গড়ে ওঠা পুনর্বাসন প্রকল্পের ভবন

ছিন্নমূল মানুষের জন্য নির্মিত ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ১৮টি ভবনে বসবাসকারী ব্যক্তিদের বেশির ভাগই ছিন্নমূল নন। সেখানে বসবাস করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিয়োজিত বেশ কিছু পরিবার। এ ছাড়া প্রকল্পের অধীনে ১২টি ভবনের নির্মাণকাজ চলছে বলে প্রচার করা হলেও ভবনগুলোর জন্য এখন পর্যন্ত কার্যাদেশই দেওয়া হয়নি।
গত সোমবার এলাকা ঘুরে এবং বুধবার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।
বিভিন্ন বস্তি থেকে উচ্ছেদ হওয়া প্রায় ২০ হাজার ছিন্নমূল বাসিন্দার আবাসনের জন্য ১৯৯৮ সালে ভাষানটেকে দেড় শ বিঘা খাসজমি নিয়ে প্রকল্পের কাজ শুরু হয়। তখন কথা ছিল, এই জায়গায় প্রায় ৩৪৮ কোটি টাকায় ১১১টি ভবন নির্মাণ করা হবে। কিন্তু ঠিকাদারি কোম্পানি নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেড ২০১০ সাল পর্যন্ত মাত্র ১৮টি ভবন নির্মাণ করে। পরে অনিয়মের অভিযোগে সরকার ওই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে।
ছয় তলার ১৮টি ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে। এখানে ৮৫ শতাংশ ফ্ল্যাটে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা উঠলেও বাকি ১৫ শতাংশকে নানা কারণ দেখিয়ে এখনো বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। আবার অনেককে বরাদ্দ দেওয়া হলেও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। কয়েকজন বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি বলেন, নির্মিত ভবনগুলোতে কিছু ফ্ল্যাট খালি থাকলেও তাঁদের দেওয়া হচ্ছে না। যদিও তাঁরা ষষ্ঠ তলায় ফ্ল্যাট নিতেও আপত্তি জানাচ্ছেন না।
ছয় তলার যে ১২টি ভবন নির্মাণের কথা, সেগুলোতে ১ হাজার ২৯৬টি ফ্ল্যাট থাকবে। নির্মাণ শুরু হওয়ার পর দেড় বছর সময় লাগবে কাজ শেষ করতে। ভবনগুলো নির্মাণের জন্য গত বছরের ২১ ও ২২ ডিসেম্বর ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করে ভূমি মন্ত্রণালয়। তখন প্রকল্পের কর্মকর্তারা বলেছেন, আগে যাঁরা বরাদ্দ পেয়েও ফ্ল্যাট পাননি, তাঁদের দেওয়ার পর যেগুলো বাঁচবে, যেগুলো লটারি করে অন্য ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হবে। কিন্তু গত ৯ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে দরপত্র স্থগিত করা হলো। প্রকল্প সূত্রে জানা যায়, নতুন করে দরপত্র আহ্বান করা হবে। এরপর কাজ শুরু করতে বছর গড়িয়ে যেতে পারে।
ভাষানটেক পুনর্বাসন প্রকল্প ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে ‘এ’ প্রকৃতির (২১৫ বর্গফুট) ও ‘বি’ প্রকৃতির (৩৯৫ বর্গফুট) মোট ১ হাজার ৯০০ ফ্ল্যাটে যাঁরা বসবাস করছেন, তাঁদের বেশির ভাগই ছিন্নমূল নন। ফ্ল্যাটের দাম শুরুতে ৩ লাখ ৫৫ হাজার টাকা হলেও বেশির ভাগ বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে দ্বিগুণ, আড়াই গুণ দাম নেওয়া হয়েছে। নতুন যে ভবনগুলো হবে, সেখানে ফ্ল্যাটের মূল দামই হচ্ছে নয় লাখ টাকা। এর বাইরে ফ্ল্যাট বুঝে পেতেও নানা খরচ আছে।
ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদের কয়েকজন সদস্য অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী প্রকল্পে যে দামে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি টাকায় ফ্ল্যাট বিক্রি হয়েছে আগেও। আর সচ্ছল ব্যক্তিরা বস্তিবাসী সেজে এসব ফ্ল্যাট কিনে নিয়েছেন। প্রকল্পের ফ্ল্যাট পেতে আমলারা ছাড়াও সরকারদলীয় স্থানীয় কিছু নেতা প্রভাব খাটিয়েছেন। নতুন ফ্ল্যাটের ক্ষেত্রেও তাঁরা প্রভাব খাটাবেন।
প্রকল্প পরিচালক শামস আল মুজাদ্দিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। প্রকল্পের সঙ্গে যুক্ত নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের মুঠোফোনে বারবার ফোন করলেও তিনি ধরেননি।
প্রকল্প এলাকার কার্যালয়ের তত্ত্বাবধায়ক উত্তম কুমার বলেন, আগে তৈরি ১৮টি ভবনে কোনো ফ্ল্যাট খালি নেই। নতুন ভবনের কাজ শুরু হবে আগামী জুন মাসে।