ছিল ডায়েরি, হয়ে গেছে ডেস্ক ক্যালেন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নিয়ে দুর্নীতির ষড়যন্ত্রের মামলায় বাংলাদেশ ও কানাডায় প্রধান আলামত হিসেবে বিবেচিত এসএনসি লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহর ডায়েরিকে ‘একটি সাধারণ ডেস্ক ক্যালেন্ডার’ হিসেবে উল্লেখ করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
দুদকের চেয়ারম্যান বলেন, রমেশের ডায়েরি বাস্তবে ডায়েরি নয়; একটি ডেস্ক ক্যালেন্ডার। আর ওই ক্যালেন্ডারের পাতায় কিছু নাম লেখাও ছিল। কেউ কারও নাম লিখে রাখলেই সে অভিযুক্ত হয় না। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
পদ্মা সেতু মামলার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করে দুদকের চেয়ারম্যান আরও বলেন, ওই ডেস্ক ক্যালেন্ডারে নাম লেখা নির্দিষ্ট পাতা পাওয়া না গেলে এ মামলা নিয়ে কীভাবে আদালতের মুখোমুখি হব?
দুদকের চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ১২০-এর ২ ধারায় এই প্রথম মামলা দায়ের হলো। রমেশের ডায়েরির ওপর এ মামলার ভবিষ্যৎ নির্ভর করছে। তবে এটি মূলত ডেস্ক ক্যালেন্ডারের পাতা। যাই হোক, ওই কপি না পেলে পদ্মা সেতু দুর্নীতি মামলার ভবিষ্যৎ নিয়ে আমি সন্দিহান।’
৯ সেপ্টেম্বর কানাডার আদালতে পদ্মা সেতু দুর্নীতি মামলার শুনানিতে দুদকের অংশগ্রহণ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, শুনানিতে অংশ নিতে দুদকের প্রতিনিধি হিসেবে আইনজীবী আনিসুল হক ইতিমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা পাওয়া যায়নি।
এক প্রশ্নের উত্তরে দুদকের চেয়ারম্যান বলেন, কিছু রাজনীতিবিদের বিদেশি অর্থের খোঁজ পেয়েছে দুদক। এসব অর্থ উদ্ধারে সেসব দেশের সরকারের কাছে এমএলএআর (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট) পাঠানো হয়েছে।
হল-মার্কের অভিযোগপত্রের বিষয়ে বদিউজ্জামান বলেন, আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা হতে পারে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। তিনি ডেসটিনির তদন্ত প্রতিবেদন অক্টোবরের প্রথম সপ্তাহে কমিশনে জমা হতে পারে এমন আশাবাদ ব্যক্ত করে বলেন, ডেসটিনির ৩৫টি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত তদন্ত দল ৭২২টি হিসাবের খোঁজ পেয়েছে। এ মাসে এ মামলার তদন্তকাজ শেষ হবে না।