ছিলেন ভান্ডাররক্ষক হলেন মেয়র পদপ্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছেন পৌরসভার একসময়ের ভান্ডাররক্ষক জিয়াউর রহমান। তিনি দৈনিক মজুরি ভিত্তিতে পৌরসভায় কর্মরত ছিলেন। তাঁর অভিযোগ, চাকরি স্থায়ীয়করণের আশ্বাস দিয়ে তাঁকে চাকরিতে নেওয়া হয়েছিল। কিন্তু মেয়াদ শেষ হয়ে এলেও তা করেননি মেয়র। তবে বর্তমান মেয়র এই অভিযোগ অস্বীকার করেছেন। চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে ২০০২ সালে কাকনহাট পৌরসভা গঠন করা হয়। ২০০৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম নির্বাচনে বর্তমান মেয়র আবদুল মজিদ বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। মহাজোট ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। এবার তিনি মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। মেয়র পদে প্রার্থী জিয়াউর রহমান জানান, বর্তমান মেয়রের সঙ্গে তিনি বিএনপির রাজনীতি করতেন। পৌরসভা হওয়ার আগে তিনি পাকড়ি ইউনিয়ন যুবদলের নেতা ছিলেন। মেয়র নির্বাচনের পর আবদুল মজিদ তাঁকে দৈনিক মজুরি ভিত্তিতে পৌরসভার ভান্ডাররক্ষক পদে নিয়োগ দেন। তিনি বলেন, চাকরি স্থায়ীকরণের জন্য একবার পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। তাঁর অভিযোগ, মেয়র আবদুল মজিদ একটি পদের জন্য তিনজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। এ জন্যই মেয়র তাঁর চাকরি স্থায়ী করেননি। মেয়র আওয়ামী লীগে যোগ দেওয়ার পর তিনি চাকরি স্থায়ীকরণের দাবি তুললে মেয়র বলেন, তাঁকে আরেকবার সবাই মিলে নির্বাচিত করলেই তা করবেন। এ অবস্থায় চাকরি ছেড়ে তিনি মেয়রের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন। জিয়াউর রহমানের দাবি, মাঠে তাঁর অবস্থা খুব ভালো। কোনো কারচুপি না হলে এলাকাবাসী তাঁকেই নির্বাচিত করবেন।এ বিষয়ে মেয়র আবদুল মজিদ বলেন, এসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন। কখনো সুযোগ হলে তাঁর চাকরি স্থায়ী করা হবে—এ রকমই বলা ছিল। টাকা নেওয়ার বিষয়টি শতভাগ মিথ্যা। নির্বাচন এলেই একজন আরেকজনের বিরুদ্ধে মুখরোচক কথা বলে বেড়ায়।