ছিয়াশিতেও প্রাণবন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মণিপুরিপাড়ায় নিজ বাসভবনে শিল্পী মুর্তজা বশীর। সম্প্রতি তোলা ছবি l খালেদ সরকার
ঢাকার মণিপুরিপাড়ায় নিজ বাসভবনে শিল্পী মুর্তজা বশীর। সম্প্রতি তোলা ছবি l খালেদ সরকার

এই যে দেখে আসছি বছরের পর বছর, যেন এক সদ্য তরুণ। বয়স তাঁর চলনে-বলনে ছাপ ফেলতে পারেনি। যখনই দেখি, মনে হয় প্রাণের আনন্দে আছেন।
কীভাবে এমন থাকতে পারেন? প্রশ্নটা করেছিলাম মুর্তজা বশীরকে। আজ যিনি পঁচাশি পেরিয়ে ছিয়াশিতে পড়লেন (জন্ম ১৭ আগস্ট ১৯৩২)।

আমরা জানি, একটা বড় সংকটের মধ্য দিয়ে এ বছরটা পার করছেন তিনি। স্ত্রী-বিয়োগ হয়েছে এ বছরের ১৩ মে। নিজেও ভুগছেন নানা জটিল অসুখে। অক্সিজেন নিয়ে চলাফেরা করতে হয়। তারপরও কী প্রাণবন্ত!
প্রশ্নটা মনের মধ্যে নাড়াচাড়া করলেন কিছুক্ষণ, তারপর বললেন, ‘আমার জীবনদর্শন কী, জানো? আমার কোনো দুশ্চিন্তা নেই। আমি ভাগ্যে বিশ্বাস করি না, আমি নিয়তিতে বিশ্বাস করি। নিয়তি পরিবর্তন করা যায় না, ওটা হবেই। তাই আমার কোনো চিন্তা নাই। আমি কোনো বিষয়েই দুশ্চিন্তা করি না।’

বাংলাদেশের জীবিত শিল্পীদের মধ্যে বর্ষীয়ান তিনি। আর্ট স্কুলের দ্বিতীয় ব্যাচের ছাত্র। তাঁর সহপাঠী ছিলেন কাইয়ুম চৌধুরী, আবদুর রাজ্জাক, রশীদ চৌধুরী। তাঁরা নেই। বন্ধুদের কথা মনে করিয়ে দিতেই বললেন, ‘আমার কোনো বন্ধু নাই। আমার কিছু ফাইল আছে। আমি বিদেশ থেকে এলে ছেলেমেয়ের কাছ থেকে চিঠিগুলো নিয়ে নিতাম। বিদেশে থাকাকালে আমি স্ত্রী-সন্তানদের কী লিখেছি, তারা আমাকে কী লিখেছে, বন্ধুরা আমাকে কী লিখেছে, সমস্ত আছে। আমার কোনো ফাইলের নাম “ফ্রেন্ড”। কোনোটার নাম “পারসোনাল ফ্রেন্ড”। আমিনুল ইসলাম আমার পারসোনাল ফ্রেন্ড। কিন্তু আমার ব্যাচমেটদের কেউই আমার পারসোনাল ফ্রেন্ড নয়। বন্ধু বলতে দেবদাস চক্রবর্তী, আনিসুজ্জামান, হাসনাত আবদুল হাই, সাইদুজ্জামান—এ রকম কয়েকজন। এদের ভালোবাসা নিঃস্বার্থ।’
বসার ঘরে সাজিয়ে রাখা শূন্য ক্যানভাসগুলো দেখিয়ে বললাম, ‘কাজ শুরু করবেন কবে?’

‘সেটাই তো বুঝতে পারছি না। তবে আঁকব। গ্যালারি কায়ায় হবে প্রদর্শনী। আর শোনো, এশিয়াটিক সোসাইটি আমার জন্মদিন উপলক্ষে (১৭ আগস্ট) যে আয়োজন করেছে, তাতে মূল প্রবন্ধ পড়বেন আনিসুজ্জামান। “মুর্তজা বশীর: শিল্পী ও মানুষ।” আমার কৌতূহল হচ্ছে, আনিস আমাকে মানুষ হিসেবে কেমন দেখেছেন, সেটা জানার!’

‘আপনি তো মাঝে মাঝেই কাজ বন্ধ করে দেন। এখনো কাজ করছেন না। তারপর আবার পাগলের মতো কাজে ঝাঁপিয়ে পড়েন। কেন এমন করেন?’

মুচকি হাসলেন শিল্পী। বললেন, ‘ইংরেজিতে একটা কথা আছে, সানডে পেইন্টার। চাকরিটাকরি করে রোববারে ছবি আঁকে। আমি অনেকটা ওই সানডে পেইন্টারদের মতো। আমার কাছে ছবি আঁকাটা সন্তান প্রসবের মতো। টোটাল ম্যাচিওর না হলে সেই সন্তান বিকলাঙ্গ হয়ে পড়ে, মিসক্যারেজ হয়ে যায়। একটা সন্তান হওয়ার জন্য ৯ মাস ১০ দিন লাগে। আমি ছবি আঁকছি না, কিন্তু আমার ব্রেইন কাজ করছে। দ্য ভিঞ্চি প্রথম এ কথা বলেছিলেন। ভিঞ্চিকে যখন মিলানে নিয়ে আসা হলো, অন্যরা বলল, কাকে নিয়ে এলেন, এ তো খালি ঘুমায়। ডিউক জিজ্ঞেস করলেন, “কী ব্যাপার ভিঞ্চি? আপনি তো কিছু করছেন না।” তিনি বলেছিলেন, “আমি যখন কাজ করি না, তখন আমার ব্রেইন কাজ করে।” আমি যখন পাগলের মতো কাজ করি, তখন আসলে আমি প্রস্তুত হয়েই করি। আমার ব্রেইন এরই মধ্যে কাজ ঠিক করে ফেলেছে।’

‘এখন সময় কাটছে কী করে? বন্ধুরা আসে?’

কিছুক্ষণ কোনো কথা বললেন না মুর্তজা বশীর। তারপর খুব আস্তে বললেন, ‘আমার স্ত্রী মারা যাওয়ার পর অনেক নাম আমার মোবাইল ফোন থেকে মুছে দিয়েছি। তারা আমাকে সহানুভূতি জানানোর কথাও ভাবেনি। আমার নিঃসঙ্গতা চলছে।’

‘কিন্তু এভাবে তো জীবন কাটানো যায় না। আপনার মতো প্রাণবান একজন মানুষের কাছ থেকে হতাশার কথা শুনতে চাই না।’

সস্নেহে বললেন, ‘শোনো, পঁচাশি পেরিয়ে ছিয়াশিতে পা দিলাম। কোনো আক্ষেপ নেই। আমাদের মতো একটা গরিব দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। আমি কোনো দিন দলবাজি করিনি। বেশ আছি। তবে তোমাকে বলি, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি।’

তারপর বললেন, ‘আমাকে শুধু আমার ছবির ওপর নির্ভর করতে হয়। শুধু অর্থের বিনিময়ে আমি কোনো কাজ করিনি কখনো। প্রেমটা থাকতে হয়।’

চারদিকে বিষণ্নতা ছড়িয়ে পড়ল। কিন্তু তারপরই তিনি যা বললেন, তাতে যেন রবীন্দ্রনাথের ‘আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে’ পঙ্‌ক্তি দুটো বাঙ্ময় হয়ে উঠল। ক্যানভাসগুলোর দিকে তাকিয়ে বললেন, ‘এখন তো ভাবছি। ভাবনা যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন এঁকে ফেলব ছবিগুলো। আমি একটা সমস্যার মধ্যে আছি। সবুজ আর অরেঞ্জ দিয়ে কাজ শুরু করব। সমস্যা হচ্ছে, এটাকে একেবারে ফ্ল্যাট সবুজ আর অরেঞ্জ দেব নাকি একটু একটু করে আঁকব?’

না। মানুষটাকে বিষণ্নতা পেয়ে বসেনি। পঁচাশি ছাড়িয়ে তিনি এখনো তরুণ, এখনো নতুন নতুন ভাবনা তাঁকে তাড়া করে ফেরে।

শুভ জন্মদিন শিল্পী। আরও অনেক দিন আপনার সৃজন আমাদের ঋদ্ধ করুক।